যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে শিগগিরই নতুন এবং উন্নত যুদ্ধজাহাজ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসি নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি জানিয়েছেন, ‘শহীদ বাঘেরি’ নামের এই যুদ্ধজাহাজটি প্রযুক্তিগতভাবে মার্কিন যুদ্ধজাহাজগুলোর চেয়েও উন্নত।
এক টিভি সাক্ষাৎকারে তাংসিরি বলেন, “জাহাজটি শুধু যুদ্ধজাহাজ নয়, এটি একযোগে ড্রোন ক্যারিয়ার, ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং ভাসমান নৌঘাঁটি হিসেবেও কাজ করতে সক্ষম। এতে ১৪টি ক্ষেপণাস্ত্রবাহী ছোট নৌযান বহনের সুবিধাও থাকবে।”
তিনি আরো বলেন, “আমরা এমন একটি জাহাজ তৈরি করেছি, যা যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক যুদ্ধজাহাজগুলোর চেয়েও উন্নত। পরিস্থিতি বিবেচনায় আমরা এটি জনসমক্ষে উন্মোচন করব।”
পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে তিনি সতর্ক করে বলেন, আজকের দিনে আমেরিকা আমাদের তেল ট্যাংকারে হামলা চালাতে পারবে না। যদি এমন কিছু ঘটে, আমরা তার কড়া জবাব দিতে প্রস্তুত।
তাংসিরি দাবি করেন, আইআরজিসি নৌবাহিনী এরইমধ্যে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সাবমেরিন প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘোষণার মধ্য দিয়ে ইরান কৌশলগতভাবে নিজের সামরিক সক্ষমতা জোরালোভাবে তুলে ধরছে এবং অঞ্চলে প্রভাব বিস্তারের বার্তা দিচ্ছে।
এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি আরো উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

