ফিলিস্তিনের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হামাস তাদের সামরিক শাখা ইয আদ-দিন আল-কাসেম ব্রিগেডে নতুন করে ৩০ হাজার তরুণ যোদ্ধা নিয়োগ দিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল শনিবার (২০ এপ্রিল) সৌদি ভিত্তিক আল আরাবিয়া–র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে দেখা যায়, নিয়োগপ্রাপ্ত যোদ্ধাদের গোপন সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যদিও আল আরাবিয়া-র দাবি, এদের অনেকের রয়েছে কেবল শহুরে যুদ্ধ, রকেট নিক্ষেপ এবং বিস্ফোরক ব্যবহারের মতো নির্দিষ্ট সামরিক দক্ষতা; অন্যান্য সামরিক দিকগুলোতে তারা অপরিপক্ব।
এদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে দেড় বছরেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন চালিয়েও পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারেনি ইসরায়েলি বাহিনী। তবে সাম্প্রতিক সময়ে গাজা ও ইসরায়েল সীমান্তবর্তী কিছু এলাকা দখলে নিতে সক্ষম হয়েছে তারা।
প্রতিবেদনে আরো জানানো হয়, দখলকৃত অঞ্চলগুলোর প্রায় সব বসতি গুঁড়িয়ে দিয়ে সেখানে ‘বাফার জোন’ তৈরি করছে ইসরায়েল, যার ফলে গাজার প্রায় অর্ধেক এখন তাদের দখলে।
এই পরিস্থিতিতে হামাসের তরুণ যোদ্ধা নিয়োগকে ইসরায়েলি দখলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি প্রতিরোধ গড়ার প্রস্তুতি হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

