খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস আর নেই। ৮৮ বছর বয়সে রোববার (স্থানীয় সময় সকাল ৭টা ৩৫ মিনিটে) ভ্যাটিকানের কাসা সান্তা মার্তা বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বিশ্বনেতারা শোক প্রকাশ করেছেন এবং তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক শোকবার্তায় বলেন, তিনি ছিলেন বিনয়ের প্রতীক, সবসময় দুর্বল ও অসহায় মানুষের পাশে ছিলেন।
ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন বলেন, পোপ তার নম্রতা ও কম ভাগ্যবানদের প্রতি পবিত্র ভালোবাসা দিয়ে ক্যাথলিক চার্চের বাইরেও কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করেছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী “গভীর শোক” জানিয়ে বলেন, বিশ্ব একজন আধ্যাত্মিক পথপ্রদর্শককে হারালো।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক পোপ ফ্রান্সিসকে স্মরণ করেন একজন ভালো, উষ্ণ ও সংবেদনশীল মানুষ হিসেবে।
মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি বলেন, তিনি ছিলেন শান্তি, ভালোবাসা এবং করুণার কণ্ঠস্বর।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক্স-এ দেওয়া পোস্টে লেখেন, শান্তি, সামাজিক ন্যায়বিচার এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের প্রতি তার অঙ্গীকার বিশ্বকে গভীরভাবে প্রভাবিত করেছে।
দীর্ঘদিন ধরেই ফুসফুসের জটিলতায় ভুগছিলেন পোপ ফ্রান্সিস। অসুস্থ অবস্থায় রোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
তার মৃত্যুতে শুধু ক্যাথলিক বিশ্ব নয়, সব ধর্মের মানুষ হারালো এক মানবিক ও আধ্যাত্মিক নেতৃত্বের প্রতীককে।

