পোপ ফ্রান্সিস মারা গেছেন, জানানো হয়েছে ভ্যাটিকানের চিকিৎসকদের পক্ষ থেকে। স্ট্রোক এবং হৃদযন্ত্র বিকল হয়ে ৮৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভ্যাটিকানের চিকিৎসক আন্দ্রিয়া আরকেনগেলি মৃত্যুসনদে এ কথা উল্লেখ করেছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, পোপ দীর্ঘদিন ধরে উচ্চরক্তচাপ এবং ডায়াবেটিসে ভুগছিলেন। সোমবার সকালে তিনি কোমায় চলে গিয়েছিলেন। এর আগে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ সপ্তাহ হাসপাতালে ছিলেন এবং সুস্থ হয়ে ভ্যাটিকানে ফিরে আসেন। গত রোববার হুইলচেয়ারে বসে সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দা থেকে উচ্ছ্বসিত জনতার উদ্দেশে হাত নেড়ে ইস্টারের শুভকামনা জানিয়েছিলেন, আর তার পরদিনই তার মৃত্যুর খবর আসে।
পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর, বিশ্বের সবচেয়ে বেশি ক্যাথলিক জনগণ অধ্যুষিত দেশ ব্রাজিল ৭ দিনের শোক ঘোষণা করেছে। স্পেন, যেখানে জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ ক্যাথলিক, তারাও তিনদিনের শোক ঘোষণা করেছে।
পোপ ফ্রান্সিস ছিলেন রোমান ক্যাথলিক চার্চের প্রথম লাতিন আমেরিকান ধর্মগুরু, যিনি পৃথিবীজুড়ে প্রচুর ভক্তদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন।

