অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরো ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় গাজায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ২৪০ জনে। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, একই সময়ে আহত হয়েছেন আরো অন্তত ৬২ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। পাশাপাশি বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে জানা গেছে।
গত ১৮ মার্চ থেকে ইসরায়েল নতুন করে হামলা শুরু করার পর এ পর্যন্ত ১ হাজার ৮৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৪ হাজার ৯০০ জন।
২০২৪ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হলেও মার্চ মাসের মাঝামাঝি থেকে হামাসের সঙ্গে মতপার্থক্যের জেরে ফের শুরু হয় বিমান হামলা।
জাতিসংঘের তথ্যমতে, চলমান আক্রমণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া অবকাঠামোগতভাবে এই ভূখণ্ডের ৬০ শতাংশই ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য গাজায় ইসরায়েলের আগ্রাসনের ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতে ‘গণহত্যা’ ও ‘মানবতাবিরোধী অপরাধে’র অভিযোগে একটি মামলা বিচারাধীন রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

