অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ৫০ দিনেরও বেশি সময় ধরে কোনো ত্রাণ সহায়তা পৌঁছায়নি। এতে খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ এবং জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। পাশাপাশি চলছে লাগাতার ইসরায়েলি বিমান হামলা- যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।
জাতিসংঘের মানবাধিকার সংস্থা ওসিএইচএ জানায়, গাজায় বর্তমানে পানি সংকট চরমে পৌঁছেছে এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে হিমশিম খাচ্ছেন কর্মীরা। পর্যাপ্ত উপকরণ না থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। উল্লেখযোগ্য সংখ্যক ত্রাণ ও উদ্ধারকর্মী নিহত হওয়ায় মানবিক সহায়তা কার্যক্রম আরো দুর্বল হয়ে পড়েছে।
ওষুধ না থাকায় চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে আলজাজিরার গাজা প্রতিনিধি। ২ মার্চ নতুন করে অবরোধ আরোপের পর গাজায় কোনো ওষুধ প্রবেশ করতে পারেনি। হাজার হাজার মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে।
এই অবস্থায় ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) জরুরি খাদ্য সরবরাহ পুনরায় শুরুর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেছে, গাজার নারী, শিশু ও সাধারণ মানুষ ‘অকল্পনীয় ভোগান্তি’র মধ্যে রয়েছে।
সোমবার ইসরায়েলি হামলায় গাজায় আরো ৩৯ জন নিহত ও ৬২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আনাদোলু অনলাইন। এর ফলে চলমান সংঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ২৪০ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৯৩১ জন। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন।
এদিকে গাজায় ১৫ জন জরুরি সেবাকর্মী নিহত হওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। এতে বলা হয়, ‘ভুল বোঝাবুঝি ও আদেশ অমান্য’র কারণে এই প্রাণহানি ঘটে। তবে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি এ প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছে, আইডিএফ দায় এড়াতে ঘটনাকে ব্যক্তি পর্যায়ের ভুল হিসেবে উপস্থাপন করছে।
গাজায় ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করেছেন মিসরের কপটিক অর্থডক্স চার্চের প্রধান পোপ টাওয়াড্রোস দ্বিতীয়। তিনি একে ‘ফিলিস্তিনিদের ওপর সবচেয়ে ভয়াবহ অন্যায়ের উদাহরণ’ বলে উল্লেখ করেছেন।
এছাড়া সম্প্রতি অধিকৃত সিরীয় ভূখণ্ড পরিদর্শন করেছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। সেখানকার সামরিক ঘাঁটিতে কমান্ডারদের সঙ্গে বৈঠকে তিনি বলেছেন, “সিরিয়া ভেঙে পড়েছে, সে কারণেই আমরা এখানে আছি।” পর্যবেক্ষকরা এটিকে অধিকৃত অঞ্চলে ইসরায়েলের অবস্থান দীর্ঘস্থায়ী করার ইঙ্গিত বলেই দেখছেন।

