সৌদি আরবে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটিকে ভারতের “বিশ্বস্ত বন্ধু ও কৌশলগত মিত্র” হিসেবে উল্লেখ করেছেন। জেদ্দায় আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে ভারত-সৌদি সম্পর্ক একটি স্থিতিশীলতার স্তম্ভ।
মোদি জানান, ২০১৯ সালে কৌশলগত অংশীদারিত্ব পরিষদ গঠনের পর দ্বিপাক্ষিক সম্পর্ক বহুমাত্রিক রূপে প্রসারিত হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বের প্রশংসা করে মোদি বলেন, তার চিন্তাভাবনা প্রগতিশীল এবং দেশের মানুষের স্বপ্ন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।
বর্তমানে সৌদি আরব ভারতের পঞ্চম বৃহত্তম বাণিজ্য অংশীদার। কৃষি, সার, জ্বালানি, প্রযুক্তি এবং সবুজ হাইড্রোজেনসহ নবীন খাতগুলোতেও সহযোগিতা জোরদার হচ্ছে।
সৌদি আরবের ২০৩০ বিশ্ব এক্সপো ও ২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজনের বিষয়টি ভারতের পক্ষ থেকে স্বাগত জানিয়ে মোদি বলেন, এটি শুধু সৌদির অর্থনীতিকে ত্বরান্বিত করবে না, ভারতীয় কোম্পানির জন্যও নতুন সুযোগ সৃষ্টি করবে।
জ্বালানি নিরাপত্তা ও গ্রিন এনার্জি খাতে সৌদি-ভারত যৌথ উদ্যোগ আরো প্রসার পাচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি বিদ্যুৎ গ্রিড সংযোগ, পুনর্নবীকরণযোগ্য শক্তি ও প্রতিরক্ষা সহযোগিতায়ও অগ্রগতি হয়েছে।
জি-২০ সম্মেলনে ঘোষিত ‘ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনোমিক করিডোর’ (আইএমইইইসি) প্রসঙ্গে মোদি বলেন, এটি ২১ শতকের ‘নতুন সিল্ক রুট’, যা এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপকে যুক্ত করবে পণ্য, তথ্য ও জ্বালানির আদান-প্রদানের মাধ্যমে।
সৌদিতে অবস্থানরত ২৭ লাখ প্রবাসী ভারতীয়কে দ্বিপাক্ষিক সম্পর্কের শক্তিশালী বন্ধন হিসেবে উল্লেখ করে মোদি তাদের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

