হিমালয় অঞ্চলে গত শীতে রেকর্ড সর্বনিম্ন তুষারপাত হয়েছে বলে জানিয়েছে পর্বত গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি)।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান থেকে মিয়ানমার পর্যন্ত বিস্তৃত হিন্দুকুশ-হিমালয় পর্বতশ্রেণিতে গত ২৩ বছরের মধ্যে সবচেয়ে কম বরফ পড়েছে এই মৌসুমে।
এই প্রবণতা অব্যাহত থাকলে আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান ও মিয়ানমার—এই সাতটি দেশের ২০০ কোটিরও বেশি মানুষের জীবনে বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনের প্রধান লেখক শের মুহম্মদ বলেন, সাধারণত ডিসেম্বরেই তুষারপাত শুরু হয় কিন্তু এবার তা শুরু হয়েছে জানুয়ারির শেষ দিকে এবং পরিমাণও ছিল অনেক কম।
দক্ষিণ ও উত্তর মেরুর পর হিমালয়েই রয়েছে সবচেয়ে বেশি বরফের মজুত। এই বরফ সরবরাহ করে পানির অন্যতম বড় উৎস- হিমালয়ের ১২টি প্রধান নদীকে। তুষারপাত হ্রাসের ফলে নদীর পানিপ্রবাহ কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা বাড়বে এবং বিস্তীর্ণ এলাকা খরায় আক্রান্ত হবে। সেই সঙ্গে বাড়বে দাবদাহের তীব্রতা ও স্থায়িত্বও।
রবিবার প্রকাশিত প্রতিবেদনে আইসিআইএমওডি জানিয়েছে, গত তিন বছর ধরেই তুষারপাতের হার গড়ের চেয়ে কমছে। প্রতিবেদনে হিমালয়ের নদীগুলো রক্ষায় দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আইসিআইএমওডির নির্বাহী পরিচালক পেমা গিয়ামাৎসো বলেন, আমরা যদি এখনই কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে না আনি, তাহলে যেকোনো পদক্ষেপই দীর্ঘমেয়াদে কার্যকর হবে না।
উল্লেখ্য হিমালয়ের গলনপ্রবণ পরিস্থিতি জলবায়ু পরিবর্তনের সরাসরি ফল, যা পুরো দক্ষিণ এশিয়ার পরিবেশ ও জনজীবনের জন্য এক ভয়াবহ সংকেত হিসেবে দেখা দিচ্ছে।

