পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর ১৬ সদস্য নিহত হয়েছে। সোমবার পরিচালিত এই অভিযান সম্পর্কে এক্সপ্রেস ট্রিবিউন মঙ্গলবার (২২ এপ্রিল) এসব তথ্য প্রকাশ করে।
পাঞ্জাবের মিয়াঁওয়ালিতে পুলিশের কাউন্টার-টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে ১০ সন্ত্রাসী নিহত হয়। এ অভিযানে নেতৃত্ব দেন জেলা পুলিশ সুপার আখতার ফারুক ও আরপিও শাহজাদ আসিফ খান। পাহাড়ি এলাকায় দুদিন ধরে অভিযান চালিয়ে জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়।
অন্যদিকে খাইবার-পাখতুনখাওয়ার উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর পৃথক অভিযানে আরও ছয় সন্ত্রাসী নিহত হয়। আইএসপিআর জানিয়েছে, দক্ষিণ ওয়াজিরিস্তানে নিহতদের মধ্যে একজন ছিলেন টিটিপির শীর্ষ নেতা জাবি উল্লাহ ওরফে জাকরান, যিনি বহু সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত ছিলেন।
অভিযানে নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত না হলেও- একজন স্থানীয় নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন বলে জানায় পুলিশ। আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, এলাকাজুড়ে আরও জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কায় অভিযান অব্যাহত রয়েছে।
২০০৭ সাল থেকে পাকিস্তানে সহিংসতা চালিয়ে আসা টিটিপি দেশটিতে নিষিদ্ধ ঘোষিত এবং আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত।

