ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পর্যটন শহর পহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে বৈসারন এলাকায় বন্দুকধারীদের হামলায় নিহতদের মধ্যে এক গোয়েন্দা কর্মকর্তা ও দুই বিদেশি পর্যটক রয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
এই নৃশংস ঘটনায় বিশ্বজুড়ে নেতারা নিন্দা ও শোক প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমবেদনা জানান এবং হামলার কঠোর নিন্দা করেন। অপরাধীদের বিচারের আওতায় আনতে তিনি ভারতের প্রতি পূর্ণ সমর্থন জানান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক্সে দেওয়া বার্তায় ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে।”
ট্রাম্প পরে তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ও একটি পোস্ট দেন, যেখানে তিনি বলেন, “কাশ্মীরের খবরে গভীরভাবে মর্মাহত হয়েছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র বলিষ্ঠভাবে ভারতের পাশে রয়েছে।”
এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। সৌদি আরব, ইসরাইল, ইতালি ও সংযুক্ত আরব আমিরাতসহ বহু দেশ এ হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে।
হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে রাতেই দেশে ফেরেন। এদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরের শ্রীনগরে পৌঁছে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন।

