ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসপ্রাপ্ত গাজায় অর্থনৈতিক স্থবিরতার মধ্যে টিকে থাকতে নতুন সব পেশার জন্ম হয়েছে। এর মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী উদ্যোগ ‘টাকার ডাক্তার’। গাজা উপত্যকার খান ইউনিস শহরের এক ব্যস্ত বাজারের কোণে ছেঁড়া ও বিকৃত নোট মেরামতের কাজ করে জীবিকা নির্বাহ করছেন আমজাদ নাসের। যুদ্ধের আগে তিনি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন প্রশাসনিক কর্মী। এখন তার পরিচয়- গাজার প্রথমসারির ‘টাকার ডাক্তার’।
নাসের তার হাতে থাকা ছেঁড়া, বিবর্ণ ও ছিদ্রযুক্ত নোটগুলো স্বচ্ছ টেপ এবং আঠা ব্যবহার করে এমনভাবে সারিয়ে তুলছেন যাতে সেগুলো আবার ব্যবহারযোগ্য হয়। ১০০ শেকেলের (৩২৯৩.৪০ টাকা) একটি নোট মেরামতের জন্য তিনি নিচ্ছেন মাত্র ২ শেকেল (৬৫.৮৭ টাকা) পারিশ্রমিক। যুদ্ধের শুরুতে বিনামূল্যে এই কাজ করলেও এখন চাহিদা ও উপকরণের খরচ বেড়ে যাওয়ায় এটিকে পেশা হিসেবে নিয়েছেন। তার প্রতিদিনের গ্রাহকসংখ্যা ইতোমধ্যে ১০০ ছাড়িয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর গাজার ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। নতুন কোনো মুদ্রা প্রবেশ না করায় এবং বিদ্যমান নোটগুলোর অধিক ব্যবহারে সেগুলো প্রায় অচল হয়ে পড়ে। এই বাস্তবতায় টাকার সারাই একটি অপ্রত্যাশিত কিন্তু গুরুত্বপূর্ণ সেবায় রূপ নেয়।
নতুন এই পেশা নিয়ে নাসের বলেন, “আমি আশা করি ব্যবসায়ীরা মেরামতকৃত নোট গ্রহণ করবে এবং সেগুলো পশ্চিম তীরে চালু থাকবে, যেখানে ব্যাংকিং সংকট নেই।”
টাকার সঙ্গে তাল মিলিয়ে গাজায় আরো এক ব্যতিক্রমী পেশা জনপ্রিয় হয়ে উঠছে- লাইটার সারাই। আমজাদের স্টলের কাছেই বসেছেন বিলাল আরাফাত, যিনি ভাঙা লাইটার মেরামত ও খালি লাইটারে গ্যাস ভরার কাজ করছেন। যুদ্ধের আগে এই কাজ অকল্পনীয় ছিল বলে জানান তিনি। “চারটি লাইটার এক শেকেলে বিক্রি হতো, কেউ ভাঙলে সেটি সারাতে যেত না,” বলেন বিলাল। “কিন্তু এখন একেকটি লাইটারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০ শেকেল পর্যন্ত।”
অর্থনীতিবিদদের মতে, এ ধরনের উদ্যোগ কেবল পেশা নয় বরং একটি সংকটকবলিত সমাজের টিকে থাকার কৌশল। গাজার আল-আজহার ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ড. সামির আবু মুদাল্লালা বলেন, “এই প্রক্রিয়াগুলো ক্ষুদ্র অর্থনীতির অংশ, যা একটি অবরুদ্ধ সমাজের আর্থ-সামাজিক চক্র সচল রাখতে সহায়তা করে।”
যুদ্ধের বিধ্বংসী বাস্তবতায় গাজার মানুষ নতুন পেশা তৈরি করে যেন আরেকবার প্রমাণ করেছে- চরম সংকটেও জীবন থেমে থাকে না।

