যুক্তরাষ্ট্রে অবস্থান ও শিক্ষার বৈধতা হারানোর এক দুঃস্বপ্নের পরিস্থিতি থেকে আইনি লড়াইয়ে জয় পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী অঞ্জন রায়। আদালতের রায়ে বৈধতা ফিরে পেয়ে দেশটিতে থাকাই শুধু নয়, নিজের স্বপ্নের ক্যারিয়ার গড়ার সুযোগও ধরে রেখেছেন তিনি।
২৩ বছর বয়সী অঞ্জন মিসৌরির একটি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিষয়ে আন্ডারগ্র্যাজুয়েট সম্পন্ন করে চলতি বছরের জানুয়ারিতে মাস্টার্স শুরু করেন। সব ঠিকঠাক চলছিল- হঠাৎ ১০ এপ্রিল একটি ইমেইলের মাধ্যমে জানানো হয়, তিনি যুক্তরাষ্ট্রে থাকার বৈধতা হারিয়েছেন। এমনকি তাকে যেকোনো সময় ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে।
ভিসা বাতিলের তথ্য জানিয়ে বাংলাদেশ দূতাবাস থেকেও একটি সতর্কতামূলক বার্তা পান তিনি। বলা হয়, তাকে বাংলাদেশ নয়, তৃতীয় কোনো দেশে পাঠানোর সম্ভাবনাও রয়েছে।
আতঙ্কিত হয়ে আত্মগোপনে চলে যান অঞ্জন। বন্ধ করেন ক্লাসে যাওয়া ও ইন্টারনেট ব্যবহার। নিরাপদ বোধ করে আত্মীয়ের বাসায় আশ্রয় নেন। তবে সরে দাঁড়াননি- আইনি পরামর্শ নিয়ে তিনি শুরু করেন আইনি লড়াই।
তার আইনজীবী চার্লস কাক যুক্তি দেন, সরকার শিক্ষার্থীদের জোর করে যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য করছে- এটি ভয়ভীতি প্রদর্শনের সমান।
অবশেষে আদালত অঞ্জনের পক্ষে রায় দেন, ফেরে তার বৈধতা। এখন তিনি নিজের অ্যাপার্টমেন্টে ফিরেছেন। তবে এখনো সতর্ক অবস্থানে, রুমমেটদের বলে রেখেছেন কেউ খোঁজ নিতে এলে যেন তাকে জানানো হয়।
অঞ্জনের মতো আরো হাজারো শিক্ষার্থী এ ধরনের পরিস্থিতির শিকার হচ্ছেন। অনেকেই ট্রাম্প প্রশাসনের “আমেরিকা প্রথম” নীতির অংশ হিসেবে, বিশেষ করে ফিলিস্তিনপন্থি অবস্থান গ্রহণ করায়, সরকারি নজরদারির মুখে পড়েছেন।
ফেডারেল আদালতে জয় পাচ্ছেন শিক্ষার্থীরা-
আটলান্টায় দায়ের হওয়া একটি মামলায় অঞ্জনসহ ১৩৩ জন শিক্ষার্থী বাদী ছিলেন। বিচারকরা তাদের পক্ষে রায় দিয়ে স্থিতাবস্থা জারি করেন। নিউ হ্যাম্পশায়ার, উইসকনসিন, মন্টানা, ওরেগন ও ওয়াশিংটনের আদালতেও এসেছে একই ধরনের রায়।
তবে কিছু মামলায় বিচারকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের স্থায়ী ক্ষতি না হওয়ায় সরকারি সিদ্ধান্তে স্থিতাবস্থা প্রয়োজন নেই।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, যারা “দেশের স্বার্থবিরোধী” কর্মকাণ্ডে যুক্ত, তাদের ভিসা বাতিল করা হবে। তবে অভিযুক্ত শিক্ষার্থীরা বলছেন, তারা শুধুই প্রতিবাদে অংশ নিয়েছিলেন।
একটি প্রশ্ন, অনেক অনিশ্চয়তা-
অঞ্জনের আইনজীবী বলেন, ছাত্রছাত্রীরা জানতে চাইছেন- বাড়ি থেকে খাবার কিনতে যাওয়া নিরাপদ কি না, কিংবা এত বছর পড়ে তারা আদৌ ডিগ্রি পাবেন কি না।
মার্চ থেকে অন্তত ১১০০ শিক্ষার্থী ভিসা বা বৈধতা হারিয়েছেন। আরো বহু শিক্ষার্থী একই হুমকির মুখে রয়েছেন।
তবে এই জয় অন্তত অঞ্জন রায়ের মতো অনেককেই লড়াইয়ের প্রেরণা দিচ্ছে- শুধু নিজেদের অধিকার নয়, যুক্তরাষ্ট্রে স্বপ্নের ভবিষ্যৎ ধরে রাখার লড়াই।

