চীনের সঙ্গে টানাপোড়েনপূর্ণ বাণিজ্যযুদ্ধে শেষ পর্যন্ত সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক আরোপের বর্তমান হার উল্লেখযোগ্যভাবে কমানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে তা একেবারে শূন্যে নামবে না বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট।
স্থানীয় সময় মঙ্গলবার ওভাল অফিসে এক বক্তব্যে ট্রাম্প জানান, তিনি বেইজিংয়ের সঙ্গে আসন্ন আলোচনায় ‘অনেক সদয়’ হবেন। তবে চীনকে শেষ পর্যন্ত কোনো না কোনো চুক্তিতে আসতেই হবে বলে হুঁশিয়ার করেন তিনি।
ট্রাম্প বলেন, আমরা চাই তারা যুক্তরাষ্ট্রে ব্যবসা করুক, তবে একটা ন্যায্য চুক্তি করতেই হবে। না হলে আমরাই শর্ত নির্ধারণ করব।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, বর্তমানে চীনা পণ্যের ওপর সর্বোচ্চ ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এই শুল্ক হার “ব্যাপকভাবে কমে আসবে”, তবে পুরোপুরি তুলে নেওয়া হবে না।
ট্রাম্প বলেন, ১৪৫ শতাংশ খুবই বেশি। এই হার বাড়ানো হয়েছিল মূলত ফেন্টানিল ইস্যুতে আলোচনার সময়। ভবিষ্যতে এমন উচ্চহারে আরোপিত শুল্ক আর থাকবে না।
চীনের প্রতিক্রিয়া ও পাল্টা শুল্ক:
যুক্তরাষ্ট্রের এই অবস্থানের বিপরীতে চীন পাল্টা প্রতিক্রিয়ায় ১২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে আমদানি পণ্যের ওপর এবং ঘোষণা দিয়েছে, “শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া হবে।”
তবে ট্রাম্পের সর্বশেষ এই অবস্থান বাণিজ্যনীতিতে তার আগের কড়া অবস্থানের তুলনায় একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয়। আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন, এটি বাণিজ্যযুদ্ধের অবসানের সম্ভাবনার দ্বার খুলছে।
বিশ্ব অর্থনীতির প্রভাব ও হোয়াইট হাউসের অবস্থান:
এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক করেছিল, ট্রাম্পের শুল্কনীতি বিশ্ব অর্থনীতিকে “গুরুতর মন্দা”র দিকে ঠেলে দিচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্র নিজেও মন্দার ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল সংস্থাটি।
তবে হোয়াইট হাউস এখনো ট্রাম্পের নীতিকে সফল বলে দাবি করছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, “বিশ্বজুড়ে সবাই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি করতে আগ্রহী।”
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই সুর পরিবর্তন শুধু চীনের সঙ্গে নয়, বিশ্ব বাণিজ্যে স্থিতিশীলতা ফেরানোর একটি বড় পদক্ষেপ হতে পারে।

