ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার ঘটনায় পর্যটকদের মধ্যে চরম নিরাপত্তা-আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর প্রভাবে এই পর্যটন গন্তব্যে ভ্রমণের আগ্রহ হঠাৎ করেই কমে গেছে। দিল্লির একাধিক ট্রাভেল এজেন্সির বরাতে দেশটির বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, জম্মু-কাশ্মীরগামী প্রায় ৯০ শতাংশ পর্যটন বুকিং ইতিমধ্যে বাতিল হয়ে গেছে।
দিল্লির কনাট প্লেসের আউটার সার্কেলের শঙ্কর মার্কেট এলাকার ‘সোয়ান ট্রাভেলার্স’ নামের একটি ট্রাভেল সংস্থার কর্ণধার গৌরব রাঠি জানান, তাঁদের প্রতিষ্ঠান থেকে অন্তত ২৫ জন পর্যটক জম্মু ও কাশ্মীরে ভ্রমণের জন্য করা বুকিং বাতিলের অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, এসব পর্যটকের বেশিরভাগই আগামী মাসে কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা করেছিলেন। তবে পেহেলগামে হামলার পর তারা আর নিরাপদ অনুভব করছেন না।
এই নিরাপত্তা-আতঙ্কের সূত্রপাত ঘটেছে গত মঙ্গলবার বিকেলে পেহেলগামে পর্যটকদের লক্ষ্য করে চালানো এক বন্দুক হামলার পর। সশস্ত্র গোষ্ঠীর ওই হামলায় বহু মানুষ হতাহত হন। যদিও সরকারিভাবে নিহতের সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি তবে নিরাপত্তা বাহিনীর একটি সূত্র আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, এই ঘটনায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন।
কাশ্মীরের সৌন্দর্য ও শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করতে প্রতিবছর হাজার হাজার পর্যটক সেখানে ভিড় করলেও এই ধরণের সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে ভ্রমণ পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন ভ্রমণপ্রেমীরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জম্মু-কাশ্মীরের পর্যটন খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

