যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ক্রাইমিয়া ইস্যুতে অটল অবস্থানের জন্য দায়ী করেছেন। তাঁর মতে, এই অনমনীয় মনোভাব যুদ্ধকে দীর্ঘায়িত করছে এবং ইউক্রেনকে পরিণত করছে ‘হত্যাকাণ্ডের ময়দানে’। বুধবার (২৩ এপ্রিল) নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এমন মন্তব্য করেন ট্রাম্প। সূত্র: এপি
ট্রাম্প বলেন, কেউ তাকে (জেলেনস্কিকে) ক্রাইমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে বলেনি। কিন্তু যদি তিনি সত্যিই ক্রাইমিয়া পুনরুদ্ধার চান, তাহলে ১১ বছর আগে যখন কোনো গুলি ছোঁড়া ছাড়াই রাশিয়া তা দখল করল, তখন কেন লড়লেন না?
এর আগে মঙ্গলবার জেলেনস্কি দৃঢ়ভাবে জানান, রাশিয়ার সঙ্গে আলোচনার আগে ইউক্রেন কোনো ভূখণ্ড ছেড়ে দেবে না। তাঁর ভাষায়, ক্রাইমিয়া আমাদের জমি, ইউক্রেনীয় জনগণের জমি। এ নিয়ে কিছু বলার নেই।
উল্লেখ্য ২০১৪ সালে রাশিয়া ক্রাইমিয়া অঞ্চল দখল করে নেয় এবং এর কিছুদিন পরই রুশপন্থী বিদ্রোহীরা ইউক্রেনের পূর্বাঞ্চলে সহিংসতা শুরু করে।
এদিকে প্যারিসে গত সপ্তাহে অনুষ্ঠিত একটি বৈঠকে মার্কিন কর্মকর্তারা যুদ্ধবিরতির সম্ভাব্য রূপরেখা হিসেবে দখলকৃত ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রাখার প্রস্তাব দেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউরোপীয় কূটনীতিক।
ট্রাম্পের দাবি, একটি শান্তিচুক্তি কাছাকাছি এসে গেছে। এখন সিদ্ধান্ত জেলেনস্কির- তিনি শান্তি চাইবেন, না কি আরও তিন বছর যুদ্ধ চালিয়ে গোটা দেশ হারানোর ঝুঁকি নেবেন?
তিনি আরও বলেন, এই মনোভাব শুধু রক্তপাত ও ধ্বংসই বাড়াবে- এটা কেউই চায় না।

