রাশিয়ার রাতভর চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, হামলায় অন্তত ৯ জন নিহত এবং ৭০ জনের বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জন শিশু রয়েছে। সূত্র: রয়টার্স
কিয়েভ শহরের পশ্চিমাঞ্চলের সভিয়াতোশিনস্কি জেলায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে সবচেয়ে ভয়াবহ আঘাত হানে হামলাটি। ভবন ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু বাসিন্দা। স্টেট ইমার্জেন্সি সার্ভিস টেলিগ্রামে জানায়, ধ্বংসস্তূপের নিচে এখনো মানুষ আটকে থাকতে পারে বলে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
রাজধানীর ১৩টি স্থানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এতে ক্লাইম্বিং বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত স্নিফার কুকুর ব্যবহার করা হচ্ছে। এখন পর্যন্ত ৪০টি স্থানে আগুন লাগার খবর পাওয়া গেছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে এখনো মোবাইল ফোনের রিং শোনা যাচ্ছে, যা জীবিতদের উপস্থিতির ইঙ্গিত হতে পারে।
এছাড়া কিয়েভের একটি গ্যারেজ ও প্রশাসনিক ভবনে আগুন লেগেছে এবং ধাতব ধ্বংসাবশেষ পড়ে কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরে ছয় ঘণ্টারও বেশি সময় ধরে বিমান হামলার সতর্কতা চালু ছিল।
এছাড়া ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও একই রাতে ব্যাপক হামলা চালায় রুশ বাহিনী। শহরটির মেয়র ইহর তেরেখোভ জানিয়েছেন, সেখানে ১৪ বার ড্রোন এবং ১০ বার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে আবাসিক ভবন, একটি পলিক্লিনিক, একটি স্কুল, ব্যক্তিগত বাড়ি, শিল্পপ্রতিষ্ঠান ও একটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়। হামলায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে রাশিয়ার পক্ষ থেকে হামলা সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এই হামলাগুলো এমন সময় ঘটল, যখন যুক্তরাষ্ট্র কিয়েভ ও মস্কো উভয়ের ওপর শান্তিচুক্তির দিকে অগ্রসর হওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। এমনকি ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে- যদি দুই দেশ শান্তি প্রক্রিয়ায় সম্মত না হয়, তবে যুক্তরাষ্ট্র তাদের মধ্যস্থতা থেকে সরে আসতে পারে।

