কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারতের কূটনৈতিক ও প্রতিরক্ষা পদক্ষেপগুলোকে ‘শিশুসুলভ’ ও ‘গুরুত্বহীন’ আখ্যা দিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসাক দার। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিবিসি উর্দুর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এক বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে ইসাক দার বলেন, “ভারত প্রতিবারই কোনো ঘটনার পর পাকিস্তানকে দোষারোপ করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তাদের প্রতিক্রিয়াগুলো অযৌক্তিক এবং দায়িত্বহীন। আমরা বৈঠকে যোগ্য জবাব দেব, সেই জবাব হালকা হবে না।”
তিনি আরও উল্লেখ করেন, “সিন্ধু পানি চুক্তি ইস্যুতে ভারত অনেক আগ থেকেই সমস্যা সৃষ্টি করছে। যদি তাদের কাছে সন্ত্রাসবাদের কোনো প্রমাণ থাকে, তাহলে তা প্রকাশ করুক।”
কাশ্মীরের পহেলগামে মঙ্গলবার ঘটে যাওয়া হামলায় ২৬ জন নিরীহ মানুষ প্রাণ হারান, যাদের মধ্যে একজন নেপালি এবং বাকিরা ভারতীয় নাগরিক। অজ্ঞাত বন্দুকধারীরা পর্যটকদের লক্ষ্য করে গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। গত ২৫ বছরে কাশ্মীরে এটিই সবচেয়ে ভয়াবহ বেসামরিক হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
এই হামলার পর বুধবার ভারত সরকার কড়া প্রতিক্রিয়া জানায়। পাকিস্তানকে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসে সহায়তার অভিযোগ এনে, ভারত সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করে। পাশাপাশি, উভয় দেশের মধ্যকার প্রধান স্থলসীমান্ত বন্ধ করে দেওয়া হয় এবং ভারতে অবস্থানরত পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার ও কিছু ভিসা বাতিলেরও সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশও জারি করা হয়েছে।
এই ঘটনার পর দক্ষিণ এশিয়ায় দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানালেও দুই পক্ষের কণ্ঠে উত্তেজনার সুরই বেশি শোনা যাচ্ছে।

