ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে বৈসরণ এলাকায় এ হামলা চালানো হয়। হামলার দায় স্বীকার করেছে আলোচিত সশস্ত্র গোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)। সশস্ত্র সংগঠনটি টেলিগ্রামে পাঠানো এক বার্তায় এই তথ্য জানায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, পার্শ্ববর্তী জঙ্গল থেকে বের হয়ে বন্দুকধারীরা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায়। স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে, নিহতরা সবাই বহিরাগত এবং পুরুষ।
ঘটনার পরপরই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে পৌঁছান এবং গোটা অঞ্চলে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “এই জঘন্য হামলার পেছনে যারা রয়েছে, কাউকে ছাড়া হবে না। তাদের বিচারের মুখোমুখি করা হবে।”
যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এই হামলার নিন্দা জানান এবং শোক প্রকাশ করেন।
কে এই ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’?
২০১৯ সালে কাশ্মীরের স্বায়ত্তশাসন বিলুপ্তির পর ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামক সশস্ত্র গোষ্ঠী আত্মপ্রকাশ করে। ভারতীয় গোয়েন্দাদের দাবি, টিআরএফ মূলত পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা এবং হিজবুল মুজাহিদিনের ছদ্মবেশী রূপ।
সংগঠনটির প্রধান লক্ষ্য কাশ্মীরকে ভারতের কাছ থেকে বিচ্ছিন্ন করা এবং কেন্দ্রীয় প্রশাসনের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা।
২০১৯ সালের পর থেকে সংগঠনটি নিয়মিতভাবে রাজনৈতিক নেতা, অবসরপ্রাপ্ত নিরাপত্তা সদস্য এবং সরকারি আনুগত্যশীল ব্যক্তিদের টার্গেট করে হামলা চালিয়ে আসছে। ২০২০ সাল থেকে টিআরএফ বিভিন্ন নির্দিষ্ট হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আসছে।
২০২৩ সালের জানুয়ারিতে ভারত সরকার সংগঠনটিকে আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করে।
২০২৪ সালের জুনে সংগঠনটি জম্মুর রেয়াসি এলাকায় হিন্দু তীর্থযাত্রীবাহী একটি বাসে হামলার দায় নেয়, যাতে ৯ জন নিহত ও ৩৩ জন আহত হয়।
কাশ্মীরে পর্যটন ফের চালুর পর এই হামলা নতুন করে সংশয় সৃষ্টি করেছে। হামলার পরদিন থেকেই বিপুল সংখ্যক পর্যটক বুকিং বাতিল করে অঞ্চল ছাড়তে শুরু করেন। শ্রীনগর বিমানবন্দরের পথে ব্যাপক যানজট দেখা দেয় এবং ফ্লাইট ভাড়াও তিনগুণের বেশি বেড়ে যায়।
বিশ্লেষকরা মনে করছেন, এই হামলা কাশ্মীর পরিস্থিতি স্বাভাবিক—সরকারের এমন দাবিকে চ্যালেঞ্জ করেছে। বিশেষ করে নির্বাচনের আগে এমন হামলা সরকারের নিরাপত্তা ব্যবস্থা ও কাশ্মীর নীতির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছে।
টিআরএফ হামলার দায় স্বীকার করলেও, এখনো পর্যন্ত হামলায় জড়িতদের শনাক্ত কিংবা গ্রেপ্তারের খবর মেলেনি। নিরাপত্তা বাহিনী পার্বত্য এলাকায় টিআরএফ-এর গোপন ঘাঁটি চিহ্নিত করে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।
কাশ্মীরে আবারও নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিয়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

