পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনার পর ভারত-পাকিস্তান সম্পর্ক ফের উত্তপ্ত হয়ে উঠেছে। এমন সময়ে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতীয় নৌবাহিনী সফলভাবে একটি মিসাইল ধ্বংসের পরীক্ষা সম্পন্ন করেছে।
নৌবাহিনীর পক্ষ থেকে এক্স (সাবেক টুইটার) এ পোস্টে জানানো হয়, নিজস্ব প্রযুক্তিতে নির্মিত মিসাইল বিধ্বংসী যুদ্ধজাহাজ আইএনএস সুরাত দ্রুতগতির নিচু উচ্চতায় উড়ে আসা একটি লক্ষ্যবস্তু মিসাইলকে সফলভাবে ধ্বংস করেছে। এ সাফল্যকে ভারতের প্রতিরক্ষা সক্ষমতায় ‘আরেকটি মাইলফলক’ হিসেবে অভিহিত করেছে বাহিনীটি।
কাশ্মীর হামলার পেছনে পাকিস্তানের পরোক্ষ সম্পৃক্ততার অভিযোগ এনে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত। এর মধ্যে রয়েছে—
- সিন্ধু পানি চুক্তি স্থগিত
- পাক নাগরিকদের জন্য বিশেষ ভিসা সুবিধা বাতিল
- পাকিস্তানি সামরিক উপদেষ্টাদের ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা
- দুই দেশের প্রধান সীমান্ত ক্রসিং বন্ধের সিদ্ধান্ত
নয়াদিল্লির কূটনৈতিক মহল বলছে, এসব সিদ্ধান্ত পাকিস্তানের প্রতি একটি ‘কঠোর বার্তা’ বহন করছে।
ভারতের পদক্ষেপগুলোকে ‘শিশুসুলভ’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এক বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত প্রতিটি ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
তিনি জানান, ইসলামাবাদ ভারতের কূটনৈতিক পদক্ষেপের জবাব দিতে জাতীয় নিরাপত্তা কমিটির (NSC) জরুরি বৈঠক আহ্বান করেছে। এই জবাব কম হবে না বলেন ইসহাক দার।
এই পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের নৌবাহিনী করাচি উপকূলে তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সারফেস-টু-সারফেস মিসাইল পরীক্ষার ঘোষণা দিয়েছে। ২৪ থেকে ২৬ এপ্রিলের মধ্যে এ পরীক্ষা চলবে বলে জানিয়েছে পাকিস্তানি কর্মকর্তারা।
সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বহুদিন ধরেই টানাপড়েন চলছে। এ বিষয়ে ভারতের অভিযোগকে অগ্রহণযোগ্য বলেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, ভারতের কাছে যদি প্রমাণ থাকে, তবে তা আন্তর্জাতিক মহলের সামনে উপস্থাপন করা উচিত।
কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং সীমান্তে নতুন করে উত্তেজনার পর ভারত ও পাকিস্তান উভয়ই নিজেদের সামরিক প্রস্তুতি জোরদার করছে। বিশ্লেষকরা মনে করছেন, দুই পরমাণু শক্তিধর দেশের এমন অবস্থান দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

