আগামী মে মাসে সৌদি আরব সফরে যাচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের একটি বিশাল অস্ত্রচুক্তি ঘোষণা আসতে পারে বলে জানাচ্ছেন সংশ্লিষ্ট সূত্রগুলো। চুক্তিটি সফল হলে এটি হবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অন্যতম বড় সামরিক সহযোগিতা চুক্তি।
সৌদি আরব দীর্ঘদিন ধরেই মার্কিন উন্নত অস্ত্র সংগ্রহে আগ্রহী। এবারের সম্ভাব্য চুক্তিতে রয়েছে সি-১৩০ পরিবহন বিমান, ক্ষেপণাস্ত্র, রাডার এবং ড্রোন। এসব সরবরাহ করবে লকহিড মার্টিন, আরটিএক্স (সাবেক রেথিয়ন), বোয়িং, নর্থরপ গ্রুম্যান এবং জেনারেল অ্যাটমিক্সসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো।
সূত্র জানায়, জেনারেল অ্যাটমিক্সের ড্রোন এমকিউ-৯বি সিগার্ডিয়ান কেনা নিয়ে আলোচনার সূচনা হয়েছিল ২০১৮ সালেই। এই আলোচনার ভিত্তিতে বর্তমানে ২০ বিলিয়ন ডলারের চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
প্রসঙ্গত ট্রাম্প তার প্রথম মেয়াদে ২০১৭ সালে সৌদি আরবের সঙ্গে ১১০ বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তির ঘোষণা দিয়েছিলেন। তবে ২০১৮ সালের মধ্যে মাত্র ১৪.৫ বিলিয়নের সরবরাহ শুরু হয় এবং মার্কিন কংগ্রেস ওই চুক্তি নিয়ে প্রশ্ন তোলে।
এদিকে বাইডেন প্রশাসন ২০২১ সালে সৌদির কাছে আক্রমণাত্মক অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও- ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে যুক্তরাষ্ট্র সৌদির সঙ্গে সম্পর্ক পুনরায় ঘনিষ্ঠ করতে থাকে এবং ২০২৪ সালে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
চুক্তির আওতায় সৌদি আরবের দীর্ঘদিনের চাওয়া লকহিড মার্টিনের এফ-৩৫ যুদ্ধবিমান নিয়েও আলোচনা হতে পারে বলে জানানো হয়েছে। তবে সফরকালেই এফ-৩৫ সংক্রান্ত চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম। যুক্তরাষ্ট্র বরাবরই ইসরায়েলের সঙ্গে ‘কোয়ালিটেটিভ মিলিটারি এজ (QME)’ নীতি বজায় রাখে, যাতে আরব রাষ্ট্রগুলোর তুলনায় ইসরায়েলের প্রযুক্তিগত ও সামরিক আধিক্য নিশ্চিত থাকে। ইসরায়েল গত ৯ বছর ধরে এফ-৩৫ ব্যবহার করছে এবং ইতোমধ্যে একাধিক স্কোয়াড্রন গঠন করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই সফর মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে এবং আমেরিকান অস্ত্রশিল্পের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

