পাকিস্তানিদের ওপর হামলা হলে ভারতীয়রাও নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সূত্র: জিও নিউজ
প্রতিরক্ষামন্ত্রী বলেন, যদি ভারত পাকিস্তানের মাটিতে কোনো অভিযানের চিন্তা করে, তবে সেটি ভুল বোঝাবুঝির বিষয় নয়। এর জবাব অবশ্যই দিতে হবে এবং ভারতকে তার পরিণতি ভোগ করতে হবে।
তিনি আরো বলেন, যদি পাকিস্তানিদের ওপর হামলা হয়, তাহলে ভারতীয় নাগরিকেরাও নিরাপদ থাকবে না। পাকিস্তানের ওপর কোনো হামলার জবাব দেওয়া হবে একইভাবে।
খাজা আসিফ ভারতের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে বলেন, আফগানিস্তানে সক্রিয় টিটিপি ও অন্যান্য গোষ্ঠীগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে। কুলভূষণ যাদব হলো ভারতের জড়িত থাকার জীবন্ত প্রমাণ। তিনি দাবি করেন, বেলুচ লিবারেশন আর্মি ও টিটিপি নেতারা ভারতে চিকিৎসা নিচ্ছেন।
তিনি বলেন, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, কিন্তু আত্মরক্ষার অধিকার আমাদের রয়েছে। ভারত যদি আবার পুলওয়ামার মতো পরিস্থিতি তৈরি করে, আমরা এবারও কঠোর জবাব দেব। কোনো আন্তর্জাতিক চাপের কাছে নত হব না।
গত ২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। ভারত এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ একাধিক পদক্ষেপ নেয়। এর জবাবে পাকিস্তানও ভারতীয়দের ভিসা বাতিল, বাণিজ্য স্থগিত এবং আকাশসীমা বন্ধের মতো পালটা সিদ্ধান্ত ঘোষণা করেছে।
এই পালটাপালটি অবস্থানে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে, যা সামরিক সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

