রাশিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে ইউক্রেনকে নিজের কিছু ভূখণ্ড ছাড়তে হতে পারে- এমন সম্ভাবনার কথা জানিয়েছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিটশকো। গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এটা একদমই ন্যায্য নয়, কিন্তু অস্থায়ী শান্তির জন্য হলেও এটা হতে পারে একটি সমাধান।”
তবে তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেনবাসী রুশ দখলদারিত্ব কখনোই মেনে নেবে না। তাঁর ভাষায়, আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন।
এদিকে ইউক্রেনে যুদ্ধ বন্ধে আলোচনার জন্য প্রস্তুতির কথা জানিয়েছে রাশিয়াও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, শান্তি চুক্তি সম্ভব, তবে এর জন্য কিছু বিষয়ের সূক্ষ্ম সংশোধন দরকার।
এর মধ্যেই রুশ বাহিনী কিয়েভে চালিয়েছে ভয়াবহ হামলা। বুধবার রাতের ওই হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৭০ জন আহত হন। তার আগের রাতেও বিমান হামলায় নিহত হন আরও ৮ জন। কিয়েভ গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ আক্রমণের মুখে পড়েছে।
চলমান যুদ্ধ পরিস্থিতিতে ক্লিটশকোর এই বক্তব্য শান্তি প্রচেষ্টার নতুন বাস্তবতা তুলে ধরলেও ইউক্রেনের সার্বভৌম সীমান্ত রক্ষার প্রশ্নে দেশটির জনগণ ও নেতাদের মনোভাব এখনও স্পষ্টতই অনড়।

