দীর্ঘদিনের অবরোধে ফিলিস্তিনের গাজা উপত্যকায় খাদ্য মজুত পুরোপুরি শেষ হয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। আল-জাজিরার প্রতিবেদনে দেখা যায়, ইসরায়েলি বাহিনী টানা ৫০ দিনেরও বেশি সময় ধরে গাজায় খাদ্য, পানি ও ওষুধ সরবরাহ বন্ধ রেখেছে। ফলে অনাহারে দিন কাটাচ্ছেন সেখানকার অসহায় ফিলিস্তিনিরা।
ডব্লিউএফপি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের আওতায় থাকা দাতব্য রান্নাঘরগুলোর কাছে সর্বশেষ খাদ্য চালান সরবরাহ করা হয়েছে। বর্তমানে আর কোনো খাদ্য মজুত নেই।
এদিকে, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান মাইকেল ফাখরি অভিযোগ করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘অনাহার অভিযান’ চালাচ্ছেন। তিনি বলেন, গাজায় ‘মানবসৃষ্ট’ ও ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ অনাহার পরিস্থিতি তৈরি করা হয়েছে।
ফাখরি আরও জানান, গত ৩ মার্চ নেতানিয়াহু ঘোষণা দেন যে ইসরায়েল গাজায় সব ধরনের পণ্য ও মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করবে। এরপর থেকে ৫০ দিনেরও বেশি সময় ধরে অবরোধ চলছে।
আন্তর্জাতিক আইনে কোনো অবস্থাতেই বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা আটকে রাখার বৈধতা নেই বলে মনে করেন ফাখরি। তার অভিযোগ, ইসরায়েল ফিলিস্তিনিদের খাদ্য ও ত্রাণ সরবরাহকে রাজনৈতিক দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
এদিকে গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ মাসে ইসরায়েলি হামলায় অন্তত ৫১ হাজার ৪৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ১৭ হাজার ৪১৬ জন।

