ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বিশ্ব সন্ত্রাসী’ বলে আখ্যা দিয়েছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তথ্যমন্ত্রী আজমা বোখারি। তিনি বলেছেন, মোদি ক্ষমতায় আসার পর থেকে বিশ্বে অস্থিরতা আরও বেড়েছে। এ খবর জানিয়েছে জিও নিউজ।
ডিজিপিআরের এক সংবাদ সম্মেলনে আজমা বোখারি বলেন, পহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানকে যুক্ত করার ভারতের অভিযোগ মিথ্যা। তিনি এটিকে ভারতের সাজানো অপপ্রচার বলে উল্লেখ করেন।
তিনি জানান, পাকিস্তান এই হত্যাকাণ্ডে দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে নিরীহ সাধারণ মানুষের হত্যার তীব্র নিন্দা জানিয়েছে।
আজমা বোখারি অভিযোগ করেন, ভারতের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো দোষ চাপানোর অভ্যাসে আসক্ত হয়ে পড়েছে। তারা কোনো তদন্ত ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করছে।
এদিকে, পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ভারতের ওড়িশা রাজ্য থেকে ১২ জন পাকিস্তানি নাগরিককে বহিষ্কারের প্রস্তুতি চলছে।
ভারতীয় গণমাধ্যমের বরাতে আলজাজিরা জানিয়েছে, ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন জানিয়েছেন, স্বল্পমেয়াদী ভিসায় আসা পাকিস্তানি নাগরিকদের শনাক্ত করা হয়েছে। দ্রুতই তাদের ফেরত পাঠানো হবে।
তিনি আরও বলেন, পুলিশ এখনো অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে অভিযান চালাচ্ছে।

