পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার তিনটি এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তুমুল গোলাগুলিতে অন্তত ১৭ জন নিহত হয়েছে, যার মধ্যে দুই সেনাও রয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং শনিবার এই তথ্য জানায়।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী কারাক জেলায় অভিযান চালায়, যেখানে আটজন সন্ত্রাসী নিহত হয়। এছাড়া, উত্তর ওয়াজিরিস্তান জেলায় আরেক অভিযানে চার সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।
দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার গোমাল জ্যাম এলাকায় আরেক অভিযানে তিন সন্ত্রাসী নিহত হওয়ার দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী। অভিযানে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।
সম্প্রতি পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে, বিশেষত নিরাপত্তা বাহিনীর ওপর এসব হামলা বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তান ইন্সটিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে সন্ত্রাসী হামলা ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

