কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এই হামলার পেছনে পাকিস্তানের সরাসরি ইন্ধন রয়েছে। হামলার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে নেমে গেছে। সেই সঙ্গে ফের যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কাও বাড়ছে।
এদিকে পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে প্রধান নদী ঝিলামে হঠাৎ করে পানির প্রবাহ বেড়ে গেছে। এর ফলে সেখানে মাঝারি মাত্রার বন্যা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। ইসলামাবাদ সরাসরি ভারতকে দোষারোপ করেছে এই ঘটনার জন্য।
আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদের বিভাগীয় প্রশাসন শনিবার ২৬ এপ্রিল, এক বিবৃতিতে জানিয়েছে, ঝিলাম নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছাড়ছে ভারত। এর ফলে হঠাৎ করে বন্যার সৃষ্টি হয়েছে। মুজাফ্ফরাবাদ প্রশাসনের মুখপাত্র জানিয়েছেন, নদীতে বেশি পানি ছাড়ার কারণেই এই মাঝারি মাত্রার বন্যা দেখা দিয়েছে। এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম দুনিয়া নিউজ জানায়, পাকিস্তানকে কোনো ধরনের আগাম নোটিশ না দিয়েই ভারত নদীতে অতিরিক্ত পানি ছেড়েছে। এতে ঝিলাম নদীর পানি দ্রুত বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মসজিদ থেকে মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। নদী পাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের অনন্তনাগ থেকে পানি প্রবাহিত হয়ে পাকিস্তানের চাকোঠি এলাকায় প্রবেশ করছে।
ঝিলাম নদী সিন্ধু নদের একটি উপনদী, দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। এর আগে ভারত সিন্ধু নদী নিয়ে পাকিস্তানের সঙ্গে থাকা পানি চুক্তি স্থগিত করেছে। তারা হুমকি দিয়েছে, পাকিস্তানকে এক ফোঁটা পানিও দেওয়া হবে না।
পাকিস্তান এই অবস্থাকে যুদ্ধের আগাম সংকেত হিসেবে দেখছে। ইসলামাবাদ বলেছে, সিন্ধু নদের প্রবাহ আটকে দিলে তা যুদ্ধের শামিল হবে। সেক্ষেত্রে তারা সামরিকভাবে জবাব দেবে।
এমন উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো ভারতকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, “সিন্ধু দিয়ে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত।”
দুই দেশের মধ্যে চলমান উত্তেজনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। যেকোনো সময় তা বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে।

