পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরো বেড়ে গেছে। প্রতিদিন সীমান্তে গোলাগুলি চলছে। দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় পাকিস্তানের এক মন্ত্রী ভারতে পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছেন।
রোববার ২৭ এপ্রিল, ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসী ভারতে পরমাণু হামলার হুমকি দিয়েছেন। শনিবার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি জানান, পাকিস্তান শুধু ভারতের জন্য ১৩০টি পরমাণু ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে। এছাড়া ঘোরি, শাহিন এবং গজনবি মিসাইলও প্রস্তুত আছে বলে জানান তিনি।
ভারতকে সতর্ক করে হানিফ আব্বাসী বলেন, এসব মিসাইল শুধু দেখানোর জন্য রাখা হয়নি। প্রয়োজনে ব্যবহার করার জন্যই সব প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, যদি ভারত সিন্ধু নদের পানি বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, তাহলে পাকিস্তান সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে।
তার দাবি, পাকিস্তানের পরমাণু ক্ষেপণাস্ত্র কোথায় রাখা হয়েছে তা কেউ জানে না। তবে নিশ্চিত করে বলেন, সব মিসাইল ভারতের দিকেই তাক করা রয়েছে। ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়ার বিষয়েও কথা বলেন তিনি।
হানিফ আব্বাসী বলেন, নয়াদিল্লি এখন বুঝতে শুরু করেছে তাদের সিদ্ধান্তের ভয়াবহ পরিণতি কী হতে পারে। তিনি দাবি করেন, এই অবস্থা যদি ১০ দিন চলতে থাকে, তাহলে ভারতের এয়ারলাইন্সগুলো দেউলিয়া হয়ে যাবে।
পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী না করলেও পরোক্ষভাবে নানা পদক্ষেপ নিয়েছে।
ভারত ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে। একই সঙ্গে পাকিস্তানি নাগরিকদের জন্য সমস্ত ভিসা বাতিল করেছে।
পাকিস্তান ভারতের অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে। পাল্টা প্রতিক্রিয়ায় তারা সিমলা চুক্তি স্থগিত করেছে।
পাকিস্তান ভারতের বিমান পরিবহনও নিষিদ্ধ করেছে। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছে, যদি ভারত সিন্ধু নদের পানি বন্ধ করে, তাহলে যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে।

