বাংলাদেশ সরকার জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর স্থাপনে নীতিগতভাবে সম্মতি দিয়েছে। রোববার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, নীতিগতভাবে আমরা করিডোর স্থাপনের পক্ষে সম্মত হয়েছি। এটি কেবল মানবিক সহায়তার জন্য ব্যবহৃত হবে। তবে কিছু শর্ত রয়েছে, যেগুলো পূরণ হলেই আমরা সহযোগিতা করবো।
জাতিসংঘ আশঙ্কা করছে, মার্চ কিংবা এপ্রিলের মধ্যে রাখাইনে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। পরিস্থিতি মোকাবিলায় তারা বাংলাদেশকে করিডোরের অনুরোধ জানিয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, প্রশাসনিক পর্যায়ে করিডোর নিয়ে কিছু দ্বিমত থাকলেও মানবিক বিবেচনায় সরকার চূড়ান্তভাবে সম্মতি দিয়েছে।
নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, মানবিক করিডোরের অপব্যবহার হওয়ার ঝুঁকি থেকেই যায়। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার নানা অভিজ্ঞতায় দেখা গেছে, এ ধরনের করিডোর অপরাধমূলক কার্যকলাপের পথ হতে পারে। বিশেষ করে মাদক, অস্ত্র ও মানবপাচারের ঝুঁকি বাংলাদেশের জন্য উদ্বেগজনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, করিডোর ব্যবহারের বিষয়ে জাতিসংঘের সঙ্গে শর্তাদির ব্যাপারে আলোচনা চলছে। চূড়ান্ত অনুমোদনের আগে ঢাকা ও নেপিদোর মধ্যে সমঝোতা প্রয়োজন।
জাতিসংঘের তথ্যমতে, রাখাইনের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। খাদ্য সংকট, মূল্যস্ফীতি এবং জরুরি সেবার অভাবে সেখানে মানবিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘ সতর্ক করেছে, যদি দুর্ভিক্ষ পরিস্থিতি সামাল দেওয়া না যায়, তাহলে নতুন করে ব্যাপক শরণার্থী অনুপ্রবেশ ঘটতে পারে।
ইতোমধ্যে আনুষ্ঠানিক চ্যানেল ছাড়াই টেকনাফ থেকে রাখাইনে অন্তত দু’বার মানবিক সহায়তা পাঠানো হয়েছে বলে জানা গেছে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, রাখাইন অঞ্চলে কার্যত মিয়ানমারের জান্তা সরকারের নিয়ন্ত্রণ না থাকায় আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা সম্ভব নয়। তিনি বলেন, আমাদের স্বার্থে সীমিত পর্যায়ে তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। তবে আনুষ্ঠানিক যোগাযোগ নয়, কারণ আরাকান আর্মি কোনো স্বীকৃত শক্তি নয়।
২০১৭ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১০ লাখের বেশি। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত বছরের নভেম্বর থেকে আরও এক লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। জাতিসংঘ বর্তমানে বাংলাদেশকে এ নতুন অনুপ্রবেশকারীদের জন্য ঘর তৈরির অনুরোধও জানাচ্ছে।

