ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। হামলার জেরে টানা তৃতীয় দিনের মতো সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। সূত্র: এনডিটিভি
প্রতিবেদনে দেখা যায়, জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর উভয় পক্ষের সেনারা একাধিকবার ছোট অস্ত্র দিয়ে গুলি বিনিময় করেছে। ভারতীয় সেনাদের অভিযোগ, পাকিস্তান নিয়মিত যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। পাল্টা জবাবে ভারতীয় সেনারাও হালকা অস্ত্র ব্যবহার করেছে।
পেহেলগাম হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। আটারি সীমান্ত ও ঐতিহাসিক সিন্ধু পানিচুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। জবাবে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত, ওয়াগা সীমান্ত বন্ধ, বাণিজ্য স্থগিত ও আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। একই সঙ্গে দুই দেশই সার্ক ভিসা বাতিল করে অন্য দেশের নাগরিকদের ফিরিয়ে দিতে শুরু করেছে।
সীমান্ত উত্তেজনার মধ্যে পাকিস্তানের আজাদ কাশ্মীরে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। পাকিস্তানি প্রশাসনের দাবি, কোনো রকম পূর্ববার্তা ছাড়াই ভারত ঝিলাম নদীর পানি ছেড়ে দিয়েছে। ফলে নদীতীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। মসজিদ থেকে মাইকিং করে স্থানীয়দের সর্তক করা হচ্ছে বলে জানিয়েছে মুজাফ্ফরাবাদ প্রশাসন।
সিন্ধু নদের অন্যতম উপনদী ঝিলাম। ভারত পানিপ্রবাহ বন্ধের হুমকি দেওয়ায় পাকিস্তানের কৃষকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। পাকিস্তানি কৃষকদের উদ্বেগের কথা উঠে এসেছে। এক কৃষক বলেন, “যদি পানি বন্ধ করে দেওয়া হয়, তাহলে পুরো দেশ মরুভূমিতে পরিণত হবে।” সূত্র: রয়টার্স
বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত তাৎক্ষণিকভাবে সিন্ধু নদী অবরুদ্ধ করতে সক্ষম না হলেও পানির প্রবাহ কমিয়ে দেওয়ার পদক্ষেপ নেওয়া হতে পারে।
এদিকে উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলোচনায় এ বিষয়ে সমর্থন জানান তিনি।
অন্যদিকে পাকিস্তান চায় পেহেলগাম হামলার তদন্তে রাশিয়া, চীন ও পশ্চিমা দেশগুলোর সম্পৃক্ততা। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক সাক্ষাৎকারে বলেছেন, আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে হামলার প্রকৃত কারণ অনুসন্ধান করা উচিত।

