যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরে বসন্তের উষ্ণ আবহাওয়ার মাঝে অনুষ্ঠিত হলো অনন্য এক উৎসব- ‘দ্য অ্যানুয়াল গ্রেট মার্শমেলো ড্রপ’। রোববার শহরতলি রয়্যাল ওকের ওর্ডেন পার্কে শত শত শিশু রঙিন ঝুড়ি হাতে অপেক্ষায় ছিল এক ব্যতিক্রমী চকলেট বৃষ্টির জন্য।
উৎসবের শুরুতে হেলিকপ্টারের শব্দ শুনে শিশুরা আরও চঞ্চল হয়ে ওঠে। কিছুক্ষণ পর আকাশ থেকে মার্শমেলো ছড়িয়ে পড়ে সবুজ লনে। নিরাপত্তার কারণে হলুদ ভেস্ট পরা স্বেচ্ছাসেবকেরা শুরুতে শিশুদের মাঠে নামতে দেননি। তবে চকলেট বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই ঝুড়ি হাতে দৌড়ে যায় তারা, আর আনন্দে ভরে ওঠে পুরো মাঠ।
তবে খোলা মাঠে পড়ে থাকা মার্শমেলো খাওয়ার জন্য নয়। এসব কুড়িয়ে এনে শিশুরা বিনিময়ে গিফট ব্যাগ পায়। ব্যাগে থাকে বিনামূল্যে পার্কে প্রবেশের টিকিট, ঘুড়ি ও নানা ধরনের খেলনা।
তিন দশকেরও বেশি সময় ধরে আয়োজিত এ উৎসব স্থানীয় শিশুদের মধ্যে বিপুল উচ্ছ্বাস সৃষ্টি করে। ওকল্যান্ড কাউন্টি পার্কের ব্যবস্থাপনায় আয়োজিত এই ইভেন্টে প্রতিবছর অংশ নেয় অসংখ্য শিশু ও তাদের অভিভাবকরা।

