ইয়েমেনের রাজধানী সানায় ফের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত আটজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অনেকে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানা গেছে।
সোমবার (২৮ এপ্রিল) হুথি পরিচালিত সংবাদমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক আলজাজিরা এ খবর জানা যায়। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভির তথ্যমতে, সানার উত্তরের জেলা বানি আল-হারিথে সকালে এই হামলা চালানো হয়।
এর আগে রোববার রাতে ইয়েমেনের আমরান ও সাদায়ও হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। সানায় এক হামলায় দুইজনের মৃত্যু হয় বলে জানিয়েছে হুথি কর্মকর্তারা।
হুথি গোষ্ঠীর দাবি, বানি আল-হারিথের থাকবান এলাকায় সোমবারের হামলায় আটজনের মৃত্যুতে চলতি বছরের মার্চের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত মার্কিন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২৮ জনে দাঁড়িয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ইয়েমেনে ৮০০-এর বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। এতে শত শত হুথি যোদ্ধা এবং তাঁদের নেতারা নিহত হয়েছেন বলে দাবি যুক্তরাষ্ট্রের।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তবে তীব্র হামলার পরও হুথি বিদ্রোহীরা পিছু হটেনি। বরং তারা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত রাখবে।

