ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে সরাসরি সেনা পাঠানোর বিষয়টি প্রথমবারের মতো নিশ্চিত করেছে উত্তর কোরিয়া। সোমবার (২৮ এপ্রিল) সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এক বিবৃতিতে জানায়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে মস্কোয় সেনা পাঠিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর দখল থেকে রুশ ভূখণ্ড পুনরুদ্ধারে উত্তর কোরিয়ার বাহিনী অবদান রেখেছে। কিম জং উন বলেন, “ইউক্রেনীয় নব্য-নাৎসি দখলদারদের নির্মূল ও নিশ্চিহ্ন করার জন্য এবং রাশিয়ার সশস্ত্র বাহিনীর সহযোগিতায় কুরস্ক অঞ্চল মুক্ত করতে আমাদের সৈন্য মোতায়েন করা হয়েছে।”
কিম আরও বলেন, যারা ন্যায়বিচারের জন্য যুদ্ধ করছে, তারা বীর এবং মাতৃভূমির সম্মানের প্রতীক। তিনি রাশিয়ার সঙ্গে জোট বাঁধাকে উত্তর কোরিয়ার জন্য সম্মানের বিষয় বলেও মন্তব্য করেন।
উল্লেখ্য, গত বছরের জুনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং কিম জং উন একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, কোনো যুদ্ধ পরিস্থিতিতে উভয় দেশ একে অপরের সামরিক সহায়তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়।
দক্ষিণ কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম ইয়োনহাপ জানিয়েছে, চলতি বছরের শুরুর দিকে প্রায় ১৪ হাজার উত্তর কোরিয়ান যোদ্ধাকে ইউক্রেনের বিরুদ্ধে মোতায়েন করা হয়েছিল।
এদিকে কিম জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের যুদ্ধে অবদান রাখা যোদ্ধাদের সম্মান জানাতে রাজধানী পিয়ংইয়ংয়ে শিগগিরই একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।

