জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) পহেলগাঁও হামলা নিয়ে প্রকাশিত বিবৃতিতে ভারতের প্রত্যাশিত কঠোর ভাষা অন্তর্ভুক্ত না হওয়াকে কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে পাকিস্তান। দেশটির সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টাই এতে বড় ভূমিকা রেখেছে বলে জানিয়েছে দ্য নিউজ ডট কম।
প্রতিবেদনে দেখা যায়, ২০১৯ সালের পুলওয়ামা হামলার সময় যেভাবে ভারত শক্ত ভাষায় বিবৃতি জারি করাতে সক্ষম হয়েছিল, এবারে পহেলগাঁও হামলার পর সেই দৃশ্যপট পুনরাবৃত্তি হয়নি। ভারতের অধিকৃত জম্মু-কাশ্মীরে (আইআইওজেকেকে) পর্যটকদের ওপর হামলায় নিহতের সংখ্যা ২৬-এ পৌঁছালেও- জাতিসংঘের বিবৃতিতে শুধুমাত্র ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর’ কথা উল্লেখ করা হয়, ভারতের নাম সরাসরি উল্লেখ করা হয়নি।
যুক্তরাষ্ট্র এ বিবৃতির খসড়া পেশ করলেও তা অনুমোদন পায়নি। প্রতিবেদনে আরো বলা হয়, পাকিস্তান জাতিসংঘের বিবৃতিতে ‘পহেলগাঁও’ শব্দ ব্যবহার রোধ করে ‘জম্মু ও কাশ্মীর’ শব্দ যুক্ত করাতে সক্ষম হয়েছে, যার মাধ্যমে অঞ্চলটির বিতর্কিত মর্যাদা পুনরায় আন্তর্জাতিকভাবে স্মরণ করানো হয়েছে।
২২ এপ্রিলের হামলার পর দুই প্রতিবেশী পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা আরো বেড়ে যায়। নয়াদিল্লি সিন্ধু জলচুক্তি সাময়িকভাবে স্থগিত করলে- এর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতীয় এয়ারলাইনের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলাকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের জন্য পাকিস্তানের অংশগ্রহণের প্রস্তাব দিয়েছেন।
জাতিসংঘের বিবৃতিতে অঞ্চলটির পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণের কথা জানানো হয়েছে এবং পাকিস্তান ও ভারতকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে, যেন উত্তেজনা আরো না বাড়ে।

