ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ভারত। সম্প্রতি ভারত অধিকৃত কাশ্মীরে হামলার পর পাকিস্তানকে আঘাত করার জন্য ভারত আন্তর্জাতিক স্তরে যুক্তি তৈরি করছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
পত্রিকাটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া এক ব্রিফিংয়ের সাথে জড়িত চার কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে জানায়, মোদি ২২ এপ্রিলের পর একাধিক বিশ্বনেতার সাথে যোগাযোগ করেছেন, তবে এসব প্রচেষ্টা শান্তির জন্য নয় বরং সামরিক প্রতিক্রিয়ার প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।
মোদি গত বৃহস্পতিবার এক ভাষণে ‘সন্ত্রাসের আস্তানা ধ্বংস’ করার হুমকি দেন, যদিও তিনি সরাসরি পাকিস্তানকে লক্ষ্য করেননি। এদিকে ভারতীয় বাহিনী কাশ্মীরে তল্লাশি অভিযান জোরদার করেছে এবং হামলায় জড়িতদের খুঁজতে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, পাকিস্থানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফও পরিস্থিতি উত্তপ্ত হলে পাকিস্তান ‘উপযুক্ত জবাব’ দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন। তিনি মোদিকে মিথ্যা প্রচারণার অভিযোগে অভিযুক্ত করে বলেন, পাকিস্তান যথেষ্ট শক্তিশালী এবং যদি পরিস্থিতি আরো খারাপ হয়, পাকিস্তান তাদের বাড়ি পর্যন্ত ধাওয়া করবে।

