আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
পহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে পেজেশকিয়ান বলেন, এমন ঘটনার প্রেক্ষিতে আঞ্চলিক দেশগুলোর ওপর যৌথ দায়িত্ব সৃষ্টি হয়। সন্ত্রাসবাদের মূল উৎপাটনে পারস্পরিক সহমর্মিতা, সংহতি ও ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে সম্মিলিত পদক্ষেপ জরুরি বলে তিনি মত দেন।
ইরানি প্রেসিডেন্ট আরো বলেন, ইরান ভারতের জনগণ এবং শান্তির দূত মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহরুর মতো মহান ব্যক্তিত্বদের প্রতি গভীর শ্রদ্ধা ধারণ করে। তিনি আশা প্রকাশ করেন, ভারতের আন্তর্জাতিক নীতিতেও এই চেতনার প্রতিফলন ঘটবে।
দ্বিপক্ষীয় সম্পর্কের প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, বাণিজ্য ও অবকাঠামো খাতে ভারত-ইরান পারস্পরিক সহযোগিতা আরো বাড়াতে পারে। চাবাহার বন্দরের উন্নয়নকে তিনি অঞ্চলভিত্তিক কৌশলগত সহযোগিতার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উল্লেখ করেন- যা ইরান, ভারত ও রাশিয়ার মধ্যে সংযোগের মেলবন্ধন গড়ে তুলবে।
আলাপের সময় পেজেশকিয়ান ভারতের প্রধানমন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণ জানান এবং দুই দেশের বন্ধুত্ব আরো দৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরানের সহানুভূতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আঞ্চলিক ঐক্য এবং বিস্তৃত সহযোগিতা অপরিহার্য। তিনি ইরানের শান্তি ও নিরাপত্তায় গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষায় ভারতের সমর্থন অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
এছাড়া মোদি ইরানের শাহিদ রাজাঈ বন্দরে প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং উদ্ধার ও পুনর্বাসন প্রচেষ্টায় ভারতের সহায়তার প্রস্তাব দেন। একইসঙ্গে তিনি ইরান-যুক্তরাষ্ট্র বিরোধ শান্তিপূর্ণ কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের ওপরও গুরুত্বারোপ করেন।

