ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে গুটিয়ে ফেলার দাবি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার জেরুজালেমে এক বক্তব্যে তিনি এ দাবি জানান বলে জানিয়েছে এএফপি।
নেতানিয়াহু বলেন, ইরানের পরমাণু অবকাঠামো সম্পূর্ণভাবে বিলুপ্ত করতে হবে। তাদের আর ইউরেনিয়াম পরিশোধনের কোনো সক্ষমতা থাকা চলবে না। পাশাপাশি তিনি তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকেও চুক্তির আওতায় আনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরো বলেন, যে চুক্তি নিশ্চিত করবে যে ইরান আর পারমাণবিক অস্ত্র নির্মাণে সক্ষম ইউরেনিয়াম পরিশোধন করতে পারবে না, সেটাই হবে প্রকৃত চুক্তি। আত্মবিশ্বাসের সঙ্গে নেতানিয়াহু ঘোষণা দেন, ইরানের হাতে কোনো ধরনের পরমাণু অস্ত্র আমরা রাখতে দেব না।
পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই সন্দেহ করে আসছে যে, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টা চালাচ্ছে। যদিও তেহরান বরাবরই দাবি করে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চলছে। শনিবার ওমানে অনুষ্ঠিত তৃতীয় দফার আলোচনায় উভয় পক্ষই অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে। মার্কিন এক কর্মকর্তা এই আলোচনা ‘ইতিবাচক ও ফলপ্রসূ’ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, চতুর্থ দফার বৈঠকের আগে উভয় পক্ষের মধ্যে বিদ্যমান মতপার্থক্য দূর করতে কাজ চলছে।
এর আগে ২০১৫ সালে ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির আওতায় ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিল, যার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়। তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে সরে আসেন, ফলে তা কার্যত ভেঙে পড়ে।
বর্তমানে হোয়াইট হাউসে ফিরে এসে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে নতুন শর্তে চুক্তিতে ফিরতে আহ্বান জানিয়ে আসছেন এবং প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নেওয়ারও হুমকি দিয়েছেন।

