ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আবারো বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, অনুপ্রবেশের চেষ্টা চালানোর সময় গত তিন দিনে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৭১ সন্ত্রাসী নিহত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, নর্থ ওয়াজিরিস্তান জেলার হাসান খেল সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় এসব সন্ত্রাসী নিহত হন। রোববার গভীর রাতের অভিযানে নতুন করে ১৭ জন সন্ত্রাসী মারা যায়। এর আগের দুদিনের অভিযানে আরো ৫৪ জনের মৃত্যু হয় বলে জানায় আইএসপিআর।
পাকিস্তানি সামরিক বাহিনী দাবি করেছে, নিহত সন্ত্রাসীরা ভারতের নির্দেশে কাজ করছিলেন। অভিযানে সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে আরো বলা হয়, এই অনুপ্রবেশের চেষ্টা এমন সময়ে হচ্ছে, যখন ভারত পাকিস্তানের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তুলছে। এতে স্পষ্ট যে, এসব সন্ত্রাসী বাহ্যিক নির্দেশনায় পাকিস্তানের নিরাপত্তা বিঘ্নিত করতে চেয়েছিল।
আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রায় আড়াই হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্তের বড় একটি অংশ অরক্ষিত। এ সীমান্ত দিয়ে প্রায়ই সন্ত্রাসীরা অনুপ্রবেশের চেষ্টা করে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এর আগে চলতি মাসের শুরুতে একই সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ৮ জন সন্ত্রাসী নিহত হয়েছিল।
জম্মু-কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক বন্দুকধারীদের হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে। এমন পরিস্থিতিতে সীমান্তে আবারও সহিংসতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

