কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) রাতের এই গোলাগুলিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এতে টানা পাঁচ রাত ধরে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি চলছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে।
এনডিটিভি জানায়, পাকিস্তানি সেনারা গত পাঁচদিন ধরে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি চালিয়ে যাচ্ছে। ভারতীয় সেনাবাহিনী এই উসকানির জবাব দিয়েছে। তবে তারা দাবি করেছে, জবাব ছিল “সংযত ও কার্যকর”।
এদিন কাশ্মিরের কুপওয়ারা, বারামুল্লা ও আখনূর সেক্টরের কাছে গোলাগুলি হয়। ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে এলওসি বরাবর ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে। তবে ভারতীয় সেনারা পরিস্থিতি সঠিকভাবে বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
পাকিস্তানি সেনারা গত বৃহস্পতিবার থেকে এলওসি-র বিভিন্ন ভারতীয় চৌকিতে একাধিকবার গুলি চালিয়েছে। গোলাগুলির এই ঘটনা এমন সময়ে ঘটেছে। যখন কিছুদিন আগে পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এটি ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মিরে সবচেয়ে বড় হামলা।
এখনও পর্যন্ত গোলাগুলিতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও, এই উত্তেজনা সীমান্তে পরিস্থিতি আরও জটিল করে তুলছে। দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি আরও বাড়তে পারে।

