ভারত-পাকিস্তান সীমান্তে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। একাধিক সাক্ষাৎকারে তিনি বলেন, “আগামী দু-তিন দিন খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো ঘটনা ঘটে, তা এ সময়ের মধ্যেই ঘটবে। আর কিছু না ঘটলে বুঝতে হবে আমরা একটি বড় বিপদ এড়াতে পেরেছি।”
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ভারতের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা প্রকাশ করেন। এরপর দেশটির দুই জনপ্রিয় সংবাদমাধ্যম সামা টিভি ও জিও নিউজের সঙ্গে আলাপকালে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “এই অঞ্চলে যুদ্ধের সম্ভাবনা দানা বাঁধছে এবং আমাদের সবাইকে মানসিকভাবে প্রস্তুত থাকা প্রয়োজন।”
জম্মু ও কাশ্মিরে ভয়াবহ হামলা: পটভূমিতে ছড়াচ্ছে উত্তেজনা-
গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের পেহেলগাঁও জেলার বৈসরণ তৃণভূমিতে পর্যটকদের লক্ষ্য করে বর্বর হামলা চালায় জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তৈয়বার উপশাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। হামলায় স্বয়ংক্রিয় অস্ত্রে গুলি চালিয়ে ২৬ জন পুরুষ পর্যটককে হত্যা করা হয়। আহত হন আরও অনেকে। ২০১৯ সালের পুলোয়ামা হামলার পর কাশ্মিরে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে বিবেচিত হচ্ছে।
ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে। এর জবাবে ভারত সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিতসহ নানা কূটনৈতিক ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেয়। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতের জন্য নিজেদের আকাশ ও স্থলসীমা বন্ধ রাখাসহ একাধিক ব্যবস্থা গ্রহণ করে।
সীমান্তে চলছে গোলাগুলি, নিহত অনেকে-
গত তিন দিন ধরে কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে টানা গুলি বিনিময় চলছে। এতে উভয় পক্ষেই হতাহতের খবর পাওয়া গেছে, যদিও এখন পর্যন্ত নিহতদের সঠিক সংখ্যা জানা যায়নি।
বিশ্লেষকদের আশঙ্কা: যুদ্ধের দ্বারপ্রান্তে উপমহাদেশ?
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, ভারত ও পাকিস্তান- দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সামান্য উত্তেজনাও ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারে গোটা দক্ষিণ এশিয়াকে। বর্তমান পরিস্থিতিতে যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা অস্বীকার করা যাচ্ছে না।
এমন এক প্রেক্ষাপটে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি দুই দেশের রাজনৈতিক মহল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ আরো বাড়িয়ে তুলেছে।

