কাশ্মিরে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা নতুন মোড় নিয়েছে। ভারতের পাল্টা পদক্ষেপের জবাবে পাকিস্তান ১৯৭২ সালের ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিলের হুমকি দিয়েছে। বিষয়টি ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্ব পাচ্ছে।
গত ২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মিরের পাহেলগামে পর্যটকদের ওপর চালানো হামলায় অন্তত ২৬ জন নিহত হন। এরপর থেকেই দুই প্রতিবেশী রাষ্ট্র একে অপরের বিরুদ্ধে একের পর এক কৌশলগত সিদ্ধান্ত নিচ্ছে। ভারত স্থগিত করেছে সিন্ধু পানি চুক্তি, সীমান্ত বন্ধ ঘোষণা করেছে, বন্ধ করেছে বাণিজ্য ও ভিসা কার্যক্রম এবং কমিয়েছে পাকিস্তানি কূটনীতিকদের সংখ্যা।
এরই জবাবে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বাণিজ্য ও আকাশসীমা বন্ধসহ ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনার ঘোষণা দেয়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হুমকি হলো শিমলা চুক্তি থেকে সরে যাওয়ার বিষয়টি।
শিমলা চুক্তি কী?
১৯৭২ সালের ২ জুলাই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো এই চুক্তিতে স্বাক্ষর করেন। এতে দুই দেশ কাশ্মিরসহ সীমান্ত বিরোধ শুধুমাত্র শান্তিপূর্ণ ও দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে নিষ্পত্তির অঙ্গীকার করে। একই সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আটক ৯০ হাজার পাকিস্তানি সেনাকে মুক্তির পথও এই চুক্তি সুগম করেছিল।
এই হুমকির তাৎপর্য কী?
আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, শিমলা চুক্তি পাকিস্তান-ভারতের সম্পর্কের ভিত্তিপ্রস্তর। পাকিস্তানের আইনবিদ আহমের বিলাল সূফি মনে করেন, এটি বাতিল করার অর্থ হবে একটি গুরুতর কূটনৈতিক বার্তা। অন্যদিকে, ভারত এই চুক্তিকে জাতিসংঘের প্রস্তাবের ওপর প্রাধান্য দিয়ে কাশ্মির ইস্যুকে দ্বিপাক্ষিক বিষয়ে রূপান্তর করেছে।
বিশ্লেষক মোহাম্মদ মুশতাক আহমদ বলেন, চুক্তি বাতিল করলে পাকিস্তান কাশ্মির ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গনে তুলতে পারবে। এটি বহুপাক্ষিক আলোচনার পথ উন্মুক্ত করতে পারে।
চুক্তি বাতিল কি সরাসরি যুদ্ধ ডেকে আনবে?
প্রতিরক্ষা বিশ্লেষক অজয় শুক্লা জানান, এটি অবশ্যম্ভাবী যুদ্ধের ইঙ্গিত নয়, তবে সংঘাতের সম্ভাবনা বাড়িয়ে দেবে। চুক্তি না থাকলে দুই দেশই সীমান্তে আগ্রাসী হতে পারে এবং অস্ত্রের ব্যবহার বেড়ে যেতে পারে।
ভারতীয় পদক্ষেপ যেমন সিন্ধু পানি চুক্তি স্থগিত, পাকিস্তানের জন্য অস্তিত্ব সংকট তৈরি করতে পারে। কারণ ইন্দুস, ঝিলম ও চেনাব নদীর পানি প্রায় ২৫ কোটিরও বেশি পাকিস্তানির জীবিকা নির্ভর করে।
পাকিস্তানের কৌশল কী?
শিমলা চুক্তি এখনও আনুষ্ঠানিকভাবে বাতিল না করলেও, বিশ্লেষকদের মতে, ইসলামাবাদ কৌশলগতভাবে জাতিসংঘের মাধ্যমে কাশ্মির ইস্যুকে আন্তর্জাতিকীকরণের দিকে যাচ্ছে।
বিশেষজ্ঞ রিদা হোসেনের মতে, ভারতের ‘আগ্রাসী কৌশলের’ জবাবে পাকিস্তান ‘কূটনৈতিক চাপ’ তৈরি করতে এই হুমকি দিয়েছে।
উত্তেজনার এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে এবং দুই দেশকে সংযত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

