কানাডার জাতীয় নির্বাচনে জয় পেয়েছে ক্ষমতাসীন লিবারেল পার্টি। সোমবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত এ ভোটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি ও ভূখণ্ড সংযুক্তির হুমকিকে কেন্দ্র করে নির্বাচনী পরিবেশ একেবারে পাল্টে যায়।
মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
দেখা যায়, কানাডার জাতীয় সম্প্রচার সংস্থা সিবিসি ও সিটিভি নিউজ জানিয়েছে, পার্লামেন্টের ৩৪৩টি আসনের মধ্যে লিবারেল পার্টি সর্বাধিক আসন পেতে যাচ্ছে। ফলে প্রধানমন্ত্রী হিসেবে মার্ক কার্নি আবারো দায়িত্বে থাকছেন।
পূর্বে ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করা অর্থনীতিবিদ মার্ক কার্নি রাজনীতিতে নতুন হলেও এবারের নির্বাচনে নিজেকে ট্রাম্পের চাপের মুখে কানাডার স্বার্থের রক্ষক হিসেবে উপস্থাপন করেন। যদিও এখনো নিশ্চিত নয় যে তিনি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছেন কি না। এক্ষেত্রে জোট সরকার গঠনের সম্ভাবনাও রয়েছে।
কার্নির নেতৃত্বে লিবারেলরা যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শুল্কবিষয়ক উত্তেজনা, বাণিজ্য যুদ্ধ এবং ভূখণ্ড নিরাপত্তার মতো কৌশলগত ইস্যুগুলোতে কৌশলী অবস্থান নেয়। ট্রাম্প প্রশাসনের কিছু নীতি ও মন্তব্য, বিশেষ করে কানাডাকে ‘যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য’ বানানোর ইচ্ছা, দেশটির রাজনীতিতে ব্যাপক আলোড়ন তোলে।
নির্বাচনের আগে পর্যন্ত এগিয়ে ছিল কনজারভেটিভ পার্টি। তবে ট্রাম্পবিরোধী আবেগ এবং কার্নির পরিপক্ব নেতৃত্ব শেষ মুহূর্তে পাল্টে দেয় রাজনৈতিক সমীকরণ। ভোটের আগের জরিপগুলোতেও লিবারেল পার্টির অগ্রগামিতার ইঙ্গিত পাওয়া যায়। ইপসোসের জরিপে দেখা যায়, লিবারেলদের জনসমর্থন ৪২ শতাংশ, যেখানে কনজারভেটিভদের ৩৮ শতাংশ। অন্যদিকে অ্যাংগাস রেইডের জরিপে লিবারেলদের জনসমর্থন ছিল ৪৪ শতাংশ ও কনজারভেটিভদের ৪০ শতাংশ।
বিশ্লেষকেরা বলছেন, মার্ক কার্নির নেতৃত্বে লিবারেল পার্টির এই বিজয় ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে কানাডার প্রতিরোধমূলক অবস্থানের প্রতিফলন।

