কাশ্মীর সীমান্তে ফের উত্তেজনা- ভিম্বার জেলার মানাওয়ার সেক্টরে ভারতের একটি কোয়াডকপ্টার ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। মঙ্গলবার পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
পাকিস্তানি বাহিনীর দাবি, আকাশসীমা লঙ্ঘন করে আসা ওই ড্রোনটি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারির চেষ্টা করছিল। সেনাবাহিনীর সতর্ক নজরে থাকা ইউনিট সেটিকে গুলি করে ভূপাতিত করে। কর্মকর্তারা জানান, এই পদক্ষেপের মাধ্যমে সীমান্ত পেরিয়ে গুপ্তচরবৃত্তির একটি প্রচেষ্টা রুখে দেওয়া সম্ভব হয়েছে।
ড্রোনটি ছিল কোয়াডকপ্টার ধরনের- যা সাধারণত সামরিক নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সীমান্ত পর্যবেক্ষণে ব্যবহৃত হয়। এই ঘটনার পর সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে তারা সদা প্রস্তুত।
ঘটনার পেছনে রয়েছে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা। গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁও এলাকায় একটি প্রাণঘাতী হামলায় ২৬ জন নিহত হয়, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। এরপরদিন ভারত ১৯৬০ সালের সিন্ধু নদ পানি বণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান শিমলা চুক্তি স্থগিতের হুঁশিয়ারি দেয় এবং আকাশসীমা বন্ধ করে দেওয়ার কথাও বিবেচনায় রাখে।
ভারত এ হামলার পেছনে সীমান্তপারের সন্ত্রাসী যোগসূত্র থাকতে পারে বলে ইঙ্গিত দিলেও এ পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি। পাকিস্তান এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়ে অস্বীকার করেছে এবং নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, কোয়াডকপ্টার ভূপাতিত হওয়ার এই ঘটনা ভারত-পাকিস্তানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার আরেকটি বহিঃপ্রকাশ, যা পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জটিল করে তুলছে।

