কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত হয়েছেন পাকিস্তানি সেনাবাহিনীর স্পেশাল ফোর্স ‘এসএসজি’-এর প্রাক্তন প্যারা কমান্ডো হাশিম মুসা। নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বা (এলইটি)-র পক্ষে এই হামলা পরিচালনায় তার প্রত্যক্ষ সংশ্লিষ্টতা তদন্তে নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
নিরাপত্তা কর্মকর্তাদের মতে, মুসাকে এলইটি-র শীর্ষ নেতৃত্ব কাশ্মীরে একটি নির্দিষ্ট মিশনে পাঠায়- অ-স্থানীয় নাগরিক ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার উদ্দেশ্যে। এমনকি পাকিস্তানের বিশেষ বাহিনী এসএসজি তাঁকে এলইটি-তে “ধার” দিয়েছিল বলেও ধারণা করা হচ্ছে। এসএসজির সদস্যরা অপ্রচলিত ও গোপন অভিযানে দক্ষ এবং তাদের কঠোর প্রশিক্ষণ মানসিক ও শারীরিক সক্ষমতার সর্বোচ্চ মান নিশ্চিত করে।
পহেলগাম হামলার তদন্তে ১৫ জন স্থানীয় কাশ্মীরি ওভারগ্রাউন্ড ওয়ার্কার (OGW)-এর জিজ্ঞাসাবাদে উঠে এসেছে মুসার পরিচয় ও ভূমিকা। এসব OGW পাকিস্তানি হামলাকারীদের জন্য রসদ, আশ্রয় ও গোয়েন্দা সহায়তা প্রদান করেছে বলে অভিযোগ উঠেছে। গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে, এ ঘটনা পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর প্রত্যক্ষ মদদে সংঘটিত, যা কাশ্মীরে আগের কয়েকটি হামলার সাথেও সাদৃশ্যপূর্ণ।
উল্লেখযোগ্যভাবে, মুসা একই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে আরো দুই হামলার সঙ্গে জড়িত ছিলেন:
- অক্টোবর ২০২৪, গান্ডারবালের গগাঙ্গিরে সন্ত্রাসী হামলা: ৬ জন অ-স্থানীয় ও এক চিকিৎসক নিহত।
- বারামুল্লার বুটা পাথরি হামলা: নিহত ২ সেনা সদস্য ও ২ সেনা পোর্টার।

এই দুটি হামলায় পাকিস্তান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত জুনায়েদ আহমেদ ভাট ও আরবাজ মীর অংশ নিলেও তারা ২০২৪ সালের নভেম্বর ও ডিসেম্বরে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হন।
বৈসরনে সম্প্রতি সংঘটিত হামলায় ২৫ জন পর্যটকসহ ২৬ জন বেসামরিক নিহত হন, যা মুসার নেতৃত্বে সংগঠিত আরেকটি বড় হামলা হিসেবে চিহ্নিত হয়েছে।
তদন্তে আরো জানা গেছে, হামলাকারীদের সহায়তা করেছে স্থানীয় আদিল থোকার, আসিফ শেখসহ কয়েকজন ওভারগ্রাউন্ড ওয়ার্কার (OGW)। এদের সহযোগিতায় অস্ত্র পরিবহন, আশ্রয় এবং হামলার পর গা-ঢাকা দেওয়ার ব্যবস্থা করা হয়।
বৈসারনের আশেপাশে তল্লাশি অভিযানে গোপন ঘাঁটির মানচিত্র তৈরি হয়েছে, যা হামলার আগে ও পরে সন্ত্রাসীদের গতিবিধি শনাক্তে সহায়তা করছে। এখন পর্যন্ত পাকিস্তানি সন্ত্রাসী হাশিম মুসা, আলী ভাই এবং কাশ্মীরি সহযোগী আদিল থোকার ও আসিফ শেখের জড়িত থাকার তথ্য নিশ্চিত হয়েছে।
নিরাপত্তা সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, “তল্লাশি অভিযান এখন একটি নির্দিষ্ট সীমায় পৌঁছেছে, হামলার স্থান নিয়ে পর্যাপ্ত ধারণা পাওয়া গেছে।”

