স্পেন এবং পুরো আইবেরিয়ান উপদ্বীপে সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটে একযোগে বিদ্যুৎ সংযোগ চলে যাওয়ার ফলে বিপর্যয়ের সৃষ্টি হয়। স্পেনের মতো বড় দেশ এবং পর্তুগালও এই বিপর্যয়ে ভুগেছে, তবে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে।
স্পেনের বিদ্যুৎ সংস্থা রেড ইলেকট্রিকা জানিয়েছে, প্রায় ৯৯ দশমিক ১৬ শতাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ ফিরে এসেছে, তবে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে এর নেতিবাচক প্রভাব সম্পূর্ণ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।
অন্যদিকে, পর্তুগালের বিদ্যুৎ পরিস্থিতি এখনো স্বাভাবিক হতে অন্তত এক সপ্তাহ সময় লাগতে পারে, তবে সরকার আশা করছে, আজ (২৯ এপ্রিল) পুরোপুরি বিদ্যুৎ সংযোগ ফিরে আসবে।
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর স্পেনের টেলিযোগাযোগ এবং ট্রাফিক ব্যবস্থা ব্যাপকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। ইলেকট্রিক মেট্রো এবং ট্রেন সার্ভিস বন্ধ হয়ে যায়, কিছু যাত্রী মাটির নিচে আটকা পড়েন, পরে উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করেন। এছাড়া, ট্রাফিক লাইট বন্ধ হয়ে যাওয়ায় রাস্তার ট্রাফিক জ্যাম এবং সড়ক দুর্ঘটনা বেড়ে যায়।
বিমানবন্দরেও বিপর্যয় দেখা দেয়, যেখানে প্রায় ৩০০ এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। টেলিযোগাযোগ এবং মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় মানুষ রেডিওর দিকে ঝুঁকে পড়েন এবং রেকর্ড সংখ্যক রেডিও বিক্রি হয়।
এই বিদ্যুৎ বিপর্যয়ের কারণে স্পেনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রায় ৩০,০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিদ্যুৎ বিপর্যয়ের সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে সাইবার আক্রমণের কারণে বিপর্যয়ের শঙ্কা ছিল। যদিও স্পেন ও পর্তুগাল উভয় দেশ জানিয়েছে, সাইবার আক্রমণের কোনো প্রমাণ তারা পায়নি। ইউরেলেকট্রিকের কর্মকর্তারা জানিয়েছেন, ফ্রান্স এবং স্পেনের মধ্যে বিদ্যুৎ সঞ্চালন লাইনে বড় ধরনের ত্রুটি দেখা দিয়েছে, যা এই বিপর্যয়ের কারণ হতে পারে।

