কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারতীয় সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হামলার জবাবে এখন সেনাবাহিনী নিজস্ব পরিকল্পনায় প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারবে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, হামলার পর পরই প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের এক জরুরি বৈঠক বসে। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহানসহ গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
বৈঠকে মোদি সাফ জানিয়ে দেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান কঠোর। তার ভাষায়, “সন্ত্রাসবাদকে চূর্ণ করতে আমাদের সংকল্প অটুট। সেনাবাহিনীর ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।”
কাশ্মীরের পেহেলগামে এই হামলায় অন্তত ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই সাধারণ মানুষ। বিশ্লেষকদের মতে, ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটিই সবচেয়ে ভয়াবহ হামলা। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সহায়ক ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবত তার বাসভবনে উপস্থিত হন। সূত্র বলছে, বৈঠকে ভারতের নিরাপত্তা ব্যবস্থা এবং সম্ভাব্য সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
এদিকে, হামলার পর পাকিস্তানের ওপর কূটনৈতিক চাপ বাড়াতে শুরু করেছে ভারত। সব ধরনের পাকিস্তানি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে। শুধুমাত্র পাকিস্তানি হিন্দু এবং দীর্ঘমেয়াদি অনুমোদিত বাসিন্দারা সামান্য ছাড় পাচ্ছেন। এতে ভারতে থাকা প্রায় ১০০০ পাকিস্তানি নাগরিক দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।
ভারত আরও এক ধাক্কা দিয়েছে ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্দু পানি চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়ে। এ চুক্তির আওতায় পাকিস্তান যে পানির ৮৫ শতাংশ পেত, সেটির প্রবাহ এখন ভারতের নিয়ন্ত্রণে। পাকিস্তান এই সিদ্ধান্তকে ‘যুদ্ধের ঘোষণা’ বলে উল্লেখ করেছে এবং পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতীয়দের ভিসা বাতিলসহ বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করেছে।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এক সাক্ষাৎকারে বলেন, “পরবর্তী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো পরিস্থিতি তৈরি হতে পারে।”
অন্যদিকে মোদি তার অবস্থান স্পষ্ট করে বলেন, “সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকদের আর ছাড় দেওয়া হবে না। ১৪০ কোটির ভারতের ইচ্ছাশক্তি সন্ত্রাসের মেরুদণ্ড ভেঙে দেবে। এবার সময় এসেছে এসব ঘাঁটি চিরতরে গুঁড়িয়ে দেওয়ার। ভারত এখন আর ভয় পায় না। আমরা ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করব এবং উপযুক্ত জবাব দেব।”
সবমিলিয়ে দক্ষিণ এশিয়ায় পরিস্থিতি চরম উত্তেজনাকর হয়ে উঠেছে। মোদির কড়া বার্তা এবং সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দেওয়ার সিদ্ধান্ত গোটা অঞ্চলজুড়ে সম্ভাব্য সামরিক উত্তেজনার আভাস দিচ্ছে।

