ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলা ও ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের সব বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ)। মঙ্গলবার (২৯ এপ্রিল) পাকিস্তানি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন-এর প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
সিএএ জানায়, নিরাপত্তা ও নজরদারির স্তর আগের তুলনায় বহুগুণে বৃদ্ধি করা হয়েছে। ভারতীয় আকাশসীমা হয়ে যাতায়াতকারী আন্তর্জাতিক ফ্লাইটগুলোর ওপর কঠোর নজরদারি চালানো হচ্ছে। যদিও পাকিস্তানে এখনো ভারতীয় এয়ারলাইনের ফ্লাইট কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইটও পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছে।
বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সব প্রধান বিমানবন্দরে। সিএএ নির্দেশনায় বলা হয়েছে, সন্দেহজনক কোনো বিমানের চালককে উড্ডয়নের অনুমতি দেওয়ার আগে তাকে এয়ার ডিফেন্স ক্লিয়ারেন্স নম্বর দেখাতে হবে। যথাযথ পরিচয়পত্র ও অনুমোদনপত্র ছাড়া কোনো বিমানকে ছাড়পত্র দেওয়া হবে না।
এছাড়া বিমানবন্দর এলাকায় প্রবেশের জন্য কর্মকর্তা ও কর্মচারীদের অবশ্যই বৈধ পরিচয়পত্র বহন করতে হবে। পরিচয়পত্রবিহীন ব্যক্তিদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থায় অংশ নেওয়া বাহিনীগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিত প্রতিক্রিয়া নিশ্চিত করা যায়।
পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নিরাপত্তা ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং নিয়মভঙ্গ বা শৈথিল্যের সুযোগ রোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।

