কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই ভারতের নৌবাহিনীর জন্য ২৬টি রাফাল এম যুদ্ধবিমান কিনছে ভারত। ফ্রান্সের সঙ্গে স্বাক্ষরিত এই ৬৩০ বিলিয়ন রুপির চুক্তিটি প্রতিরক্ষা কৌশল ও ভূরাজনৈতিক বার্তা- দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র: বিবিসি
ভারতীয় নৌবাহিনীর জন্য বরাদ্দ এই ২৬টি যুদ্ধবিমানের মধ্যে রয়েছে ২২টি এক আসনের এবং চারটি দুই আসনের রাফাল এম ফাইটার জেট। এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার থেকে উড্ডয়ন ও অবতরণে সক্ষম এই বিশেষ মডেলটি উন্নত রাডার, ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা এবং অ্যান্টিশিপ মিসাইল বহনে পারদর্শী।
চুক্তির আগে থেকেই ভারতীয় বিমানবাহিনীতে ৩৬টি রাফাল ফাইটার জেট ছিল। তবে নৌবাহিনীতে এতদিন প্রধানত রুশ তৈরি মিগ-২৯ ব্যবহৃত হয়ে আসছিল। রাফাল এম সংযোজনের মাধ্যমে ভারতের সামুদ্রিক প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে বলে মত বিশ্লেষকদের।
প্রতিরক্ষা বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক কমার আঘা বলেন, “এই চুক্তি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী ও আধুনিক করে তুলবে। একই যুদ্ধবিমান বিমান ও নৌবাহিনীতে ব্যবহৃত হলে সমন্বয় ও পরিচালন ব্যবস্থাও সহজ হবে।”
অবসরপ্রাপ্ত ফাইটার পাইলট ও প্রতিরক্ষা বিশ্লেষক প্রফুল্ল বক্সীর মতে, “এই চুক্তির মাধ্যমে শুধু পাকিস্তান নয়, চীনকেও কৌশলগত বার্তা দিয়েছে ভারত।” তাঁর ব্যাখ্যা, ভারতের প্রতিরক্ষা কাঠামোকে চতুর্দিক থেকে ঢেলে সাজানোর প্রক্রিয়ারই অংশ এটি।
ভারতের প্রতিরক্ষা নীতিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ছাপ স্পষ্ট বলে মনে করেন গবেষক উপমন্যু বসু। সাউথ এশিয়ান পলিটিক্স অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিসের এই বিশ্লেষক বলেন, “পাকিস্তানের চেয়ে ভারত চীনকেই বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের আধিপত্য রুখতেই নৌবাহিনীকে শক্তিশালী করার দিকেই ভারতের নজর।”
বিশেষজ্ঞদের মতে, চুক্তির বাস্তবায়নে কয়েক বছর লাগলেও এর রাজনৈতিক ও কৌশলগত বার্তা এখনই স্পষ্ট: সমুদ্রপথে ভারতের প্রভাব ও সক্ষমতা বাড়ানো এবং আঞ্চলিক প্রতিপক্ষদের উদ্দেশে শক্তি প্রদর্শন।

