পহেলগাঁও হামলার পর ভারত যখন পাকিস্তানকে দায়ী করছে, তখন পাল্টা অভিযোগে মুখর হয়েছে ইসলামাবাদ। মঙ্গলবার সেনাবাহিনীর এক প্রেস ব্রিফিংয়ে পাকিস্তান দাবি করেছে, ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত এক সন্ত্রাসীকে আটক এবং তার কাছ থেকে ড্রোন ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এমনটাই দেখা যায়।
সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ২৫ এপ্রিল ঝিলাম বাস স্ট্যান্ড এলাকা থেকে ‘আব্দুল মজিদ’ নামে একজনকে আটক করা হয়। তার দাবি, আটক ব্যক্তিটি ভারতীয় গোয়েন্দাদের দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত এবং তার কাছ থেকে একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), দুটি মোবাইল ফোন ও ৭০ হাজার রুপি উদ্ধার করা হয়েছে।
পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ১০ লাখ রুপি ও একটি ভারতীয় ড্রোন উদ্ধার করা হয় বলে জানানো হয়। পাকিস্তানি সেনাবাহিনীর দাবি, মজিদের সঙ্গে যোগাযোগকারী ব্যক্তি হলেন ভারতীয় সেনাবাহিনীর জুনিয়র কমিশনপ্রাপ্ত কর্মকর্তা সুবেদার সুখবিন্দার, যিনি তাকে নির্দিষ্ট স্থানে বিস্ফোরক সংগ্রহের নির্দেশ দেন।
জেনারেল চৌধুরী জানান, উদ্ধার হওয়া উপকরণের ফরেনসিক বিশ্লেষণে প্রাপ্ত তথ্য যেকোনো আন্তর্জাতিক সংস্থা যাচাই করতে পারে। তার ভাষ্য, “এই ঘটনাই ভারতের রাষ্ট্রীয় মদদে পরিচালিত সন্ত্রাসবাদের একটি ক্ষুদ্র উদাহরণ মাত্র।”
তিনি বলেন, “পহেলগাঁও হামলার পর ভারত কোনো তদন্ত ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করে। তাদের এই আচরণ অভ্যন্তরীণ ব্যর্থতা ও আসন্ন রাজনৈতিক বাস্তবতা থেকে দৃষ্টি সরানোর কৌশল ছাড়া কিছু নয়।”
কাশ্মীরের উত্তপ্ত প্রেক্ষাপটে কূটনৈতিক টানাপোড়েন-
গত সপ্তাহে কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত সরাসরি পাকিস্তানকে অভিযুক্ত করে।
জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সিন্দু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয়, আটারি-ওয়াঘা সীমান্ত পারাপার বন্ধ করে দেয় এবং ইসলামাবাদে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাদের প্রত্যাহার করে নেয়। সেই সঙ্গে পাকিস্তানে নিযুক্ত কূটনৈতিক কর্মীদের সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০-এ নামিয়ে আনার সিদ্ধান্তও জানায় দিল্লি।
এর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে জানানো হয়, সিন্ধু পানি চুক্তি একটি আন্তর্জাতিক চুক্তি যা বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত। একতরফাভাবে এর কার্যকারিতা স্থগিত করার কোনো বৈধতা নেই। বিবৃতিতে আরও বলা হয়, “পানি পাকিস্তানের ২৪ কোটি মানুষের জীবনরেখা। এর প্রবাহ রোধ যুদ্ধ ঘোষণার সমতুল্য এবং এর জবাব জাতীয় শক্তির সর্বস্তর থেকে দেওয়া হবে।”

