পেহেলগাঁও হামলার পর দ্বিপাক্ষিক উত্তেজনার মধ্যেই ভারতের সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে সতর্ক করেছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, পাকিস্তানের কাছে ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য’ আছে, যা ইঙ্গিত করছে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত হামলা চালাতে পারে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় আতাউল্লাহ তারার এ মন্তব্য করেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-এর বরাতে জানা গেছে, ভারতের পক্ষ থেকে সশস্ত্র বাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দেওয়ার সিদ্ধান্তের পরই ইসলামাবাদ এই আশঙ্কার কথা জানাল।
পাকিস্তানি তথ্যমন্ত্রী বলেন, ‘‘ভারত পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভিত্তিহীন অভিযোগ তুলেছে। সেই অজুহাতে তারা যে পাকিস্তানের ওপর সামরিক পদক্ষেপ নিতে চায়, সে সম্পর্কে গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে আমরা সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য তথ্য পেয়েছি।’’
আতাউল্লাহ তারার বলেন, ‘‘পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের বড় ভুক্তভোগী। বিশ্বের যেকোনো স্থানে আমরা সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। কিন্তু ভারত বরাবরের মতোই উগ্র, একপাক্ষিক ও অযৌক্তিক পথ বেছে নিচ্ছে।’’
তথ্যমন্ত্রীর দাবি, পাকিস্তান একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে সত্য উদঘাটনের লক্ষ্যে নিরপেক্ষ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিয়ে একটি তদন্ত কমিশন গঠনের প্রস্তাব দিয়েছিল, যা ভারত প্রত্যাখ্যান করেছে।
এর আগে মঙ্গলবার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। ওই বৈঠকে মোদি বলেন, “কখন, কীভাবে এবং কোথায় জবাব দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা সশস্ত্র বাহিনীর রয়েছে।”
ভারতের এমন অবস্থানের জবাবে আতাউল্লাহ তারার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সংকল্পবদ্ধ। কোনো ধরনের আগ্রাসন হলে আমরা তার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত।”
কাশ্মীরের পেহেলগাঁওয়ে সম্প্রতি পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করায় সম্পর্ক আরও খারাপের দিকে মোড় নেয়। ইতোমধ্যে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে, সীমান্ত পারাপার বন্ধ করেছে এবং পাকিস্তানে নিযুক্ত কূটনীতিকদের সংখ্যা হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে। পাল্টা পদক্ষেপে পাকিস্তান ভারতের বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
বিশ্লেষকদের মতে, বর্তমানে দুই দেশের মধ্যে সম্পর্ক যে মাত্রায় পৌঁছেছে, তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সম্ভাব্য সামরিক সংঘর্ষ এড়াতে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপও এখন সময়ের দাবি বলে মনে করছেন তারা।

