কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার পর বেড়ে চলা ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত। এই সিদ্ধান্তের বিরোধিতা করে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে পাকিস্তান।
পাকিস্তানের আইন ও বিচার বিষয়ক প্রতিমন্ত্রী আকিল মালিক জানিয়েছেন, ইসলামাবাদ অন্তত তিনটি আইনি বিকল্প বিবেচনা করছে। এর মধ্যে রয়েছে চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে বিশ্বব্যাংকের কাছে বিষয়টি উপস্থাপন, নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্থায়ী সালিশি আদালতে মামলা দায়ের এবং আন্তর্জাতিক বিচার আদালতে যাওয়ার বিষয়টি। সূত্র: রয়টার্স
আকিল মালিক আরও জানান, ১৯৬৯ সালের ভিয়েনা কনভেনশন অন দ্য ল অব ট্রিটিজ লঙ্ঘনের অভিযোগও উত্থাপন করা হতে পারে।
এই টানাপড়েনের মধ্যেই কূটনৈতিক উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, “আমরা দুই দেশের সঙ্গেই সরাসরি যোগাযোগ রাখছি এবং তাদের শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমরা ঘটনাপ্রবাহ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি।”

